সংসদে সম্পূরক প্রশ্ন: হাত তুললেন না কেউ
জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জন্য প্রশ্নকর্তা খুঁজে পেলেন না স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাজেরা খাতুনের মূল ও সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর স্পিকার সম্পূরক প্রশ্নের জন্য অন্যদের ফ্লোর দিতে গিয়ে দেখতে পান, কেউই প্রশ্ন করার জন্য হাত তোলেননি।
এ সময় স্পিকার বলেন, “আমি সম্পূরক প্রশ্নের কোনো হাত দেখতে পাচ্ছি না। কেউই সম্পূরক প্রশ্নের জন্য হাত তোলেননি।”
এ সময় কিছুক্ষণ আগে প্রশ্ন করা একজন হাত তুললে স্পিকার তাকে ফ্লোর না দিয়ে বলেন, “মাননীয় সংসদ সদস্য আপনি একটু আগে প্রশ্ন করেছেন; আপনাকে দেওয়া যাবে না।”
অধিবেশন কক্ষে এসময় প্রায় একশ’ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সরকারি দলের আসনের প্রথম সারির প্রায় সব আসনই ছিল খালি। শুধু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সামনের সারিতে ছিলেন।
কেউই সম্পূরক প্রশ্নের জন্য হাত নো তোলার পর এক পর্যায়ে সংরক্ষিত আসনের শাহানা বেগম হাত তুললে স্পিকার তাকে ফ্লোর দেন।
তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব হলেও ফ্লোর নিয়ে এই সদস্য শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে প্রশ্ন করতে শুরু করলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর কাছে প্রশ্ন করতে বলেন। এরপর ওই সদস্য স্কুল-কলেজ ওয়াইফাইয়ের আওতায় আনার বিষয়ে যে প্রশ্নটি করেন তা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর বরাবর।
যার জবাব দিতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, “মাননীয় স্পিকার আমি অত্যন্ত দুঃখিত যে এ বিষয়টি এক সময় আমার মন্ত্রণালয়ের অধীনে থাকলেও এখন নেই। কাজেই এর জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।”
সংসদে মন্ত্রীদের মৌখিক উত্তর দেওয়ার জন্য নির্ধারিত সংসদ সদস্যদের মূল ও সম্পূরক প্রশ্নের পর আরও ৩-৪ জনকে সম্পূরক প্রশ্নের জন্য ফ্লোর দিয়ে থাকেন স্পিকার।
এদিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষে তার মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কার কাছে প্রশ্ন, আর করছি কার কাছে। শিক্ষামন্ত্রীর প্রশ্নের উত্তর দিচ্ছেন খাদ্যমন্ত্রী।”
সংসদে বৃহস্পতিবারকে বেসরকারি সদস্য দিবস বলা হয়। মন্ত্রীদের বাইরে অন্য কোনো সদস্যকে বেসরকারি সদস্য বলা হয়।
