আইনজীবীদের আপত্তিতে কাগজের যুগে আরও ১৫ দিন সুপ্রিম কোর্ট
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু অনলাইনে কার্যতালিকা ছাপার সিদ্ধান্ত নিলেও আইনজীবীদের আপত্তিতে আরও ১৫ দিন কাগজে ছাপানো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, হাই কোর্টে আগামী ১ ফেব্রুয়ারি হতে কাগজে ছাপা কজলিস্ট (কার্যতালিকা) সম্পূর্ণরূপে বন্ধ করে এর পরিবর্তে অনলাইন কজলিস্ট চালু করা হবে।
সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেওয়ার পর বিভিন্ন বিভাগেও ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়। সুপ্রিম কোর্টেও একই উদ্যোগ নেওয়ার কথা বলে আসছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
এদিকে রেজিস্ট্রার জেনারেলের সংবাদ সম্মেলনের পরপরই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জরুরি সভায় বসে। এরপর বিকালে জ্যেষ্ঠ আইনজীবীরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। বার কাউন্সিল ও আইনজীবী সমিতিতে সরকার সমর্থক ও বিরোধী উভয় অংশের নেতারাই যান সেখানে।
বৈঠক থেকে বেরিয়ে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (প্রধান বিচারপতি) বলেছেন, আপাতত আরও ১৫ দিন অনলাইনের পাশাপাশি কাগজের কজলিস্ট চালু থাকবে।”
সন্ধ্যার পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক ঘোষণায় জানানো হয়, আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজে কজলিস্ট প্রকাশ অব্যাহত থাকবে।
বহুকাল ধরে কাগজে কার্যতালিকা ধরে কাজ করতে অভ্যস্ত আইনজীবীরা নতুন পদ্ধতিতে কাজের ধরন নিয়ে শঙ্কিত।
বাসেত মজুমদার বলেন, “এ বিষয়ে আইনজীবীদের অভিজ্ঞতার প্রয়োজন। প্রধান বিচারপতি বলেছেন, আগামী সোমবার থেকে এজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।”
আইনজীবীদের আপত্তির মুখে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাগজে কজলিস্ট ছাপানোর ঘোষণা আসে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে
আইনজীবীদের আপত্তির বিষয়ে রেজিস্ট্রার জেনারেল সংবাদ সম্মেলনে বলেন, “এটা নিয়ে উনারা যতটা শঙ্কিত হচ্ছেন, আমার মনে হয় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”
ওয়েবসাইট থেকে যে কোনো সময় আইনজীবীরা কাগেজে কার্যতালিকা প্রিন্ট করানোর সুযোগ থাকার কথা জানান তিনি।
আইনজীবীদের সহায়তার জন্য ‘সাপোর্ট সেন্টার’ থাকবে বলেও আমিনুল ইসলাম জানান।
“প্রয়োজনে একেবারে খুব জরুরি হলে এক্ষেত্রে হয়ত আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করে কিছু কপি দেব।”
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আইনজীবী এস এম মুনীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবী সমিতির সভা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মুলতবি সভায় অনলাইনে কজলিস্ট দেখে মামলা বের করার পদ্ধতি প্রদর্শন করা হবে।”
সমিতির সভায় সভাপতি খন্দকার মাহবুব হোসেন ছাড়াও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার মওদুদ আহমদ, সমিতির সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন এমপি, শ ম রেজাউল করিম ও মমতাজ উদ্দিন আহমদ মেহেদী উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও এস এম মুনীরসহ কয়েকজন।
‘প্রতিদিন ৬৫ গাছ কাটা থেকে মুক্তি’
অনলাইনে কার্যতালিকা প্রকাশ হলে ছাপানোর খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ কাগজের সাশ্রয়ের কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে প্রতিটি কজলিস্ট ছাপাতে প্রায় ৪০০ টাকা খরচ পড়ে। এভাবে বছরে সর্বমোট খরচ হয় প্রায় ২১ কোটি টাকা, অথচ গ্রাহক চাঁদা বাবদ বছরে আদায় হয় মাত্র ৬০ লাখ টাকা, বাকি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে।
সুপ্রিমে কোর্টের ওয়েবসাইটে হাই কোর্ট বিভাগের ২৮ জানুয়ারির কার্যতালিকা। গত নভেম্বর থেকে কার্যতালিকা অনলাইনে দেওয়া হচ্ছে
“দৈনিক যে কজলিস্ট বের হয়, এর ৪০টি কজলিস্ট তৈরির পেছনে হিসেবে করে দেখেছি একটি মাঝারি আকারের গাছ কাটা পড়ে। আমাদের ২৬০০ কজলিস্ট প্রতিদিন প্রস্তুত হয়। সে হিসেবে প্রতিদিন ৬৫টি গাছ কাটা পড়ত। আমাদের এই অনলাইন কজলিস্ট চালু হলে প্রতিদিন আমরা ৬৫টি গাছ কাটা থেকে সবাইকে মুক্তি দিচ্ছি।”
গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে কজলিস্ট চালু হয়েছে জানিয়ে রেজিস্ট্রার জেনারেল বলেন, “আমরা চাই আদালতের কার্য প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার জট কমাতে, যেন জনগণের কষ্ট লাগব হয়।”
অনলাইনে কার্যতালিকা প্রকাশের ক্ষেত্রে সব দিক থেকে প্রস্তুত হয়েই কাগজের যুগ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
রেজিস্ট্রার জেনারেল জানান, ৩১ জানুয়ারি ২০১৬ থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে হাই কোর্ট বিভাগের প্রত্যেকটি বেঞ্চের পরবর্তী দিনের কার্যতালিকা চূড়ান্তভাবে অনলাইনে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ সহকারী বিচারক শামীম সুফি প্রজেক্টরে সুপ্রিম কোর্টের অনলাইলে কার্যতালিকা কীভাবে কাজ করে তা তুলে ধরেন।
