‘যত চাপই থাক, অন্যায়কে প্রশ্রয় নয়’
প্রভাবশালীদের চাপ যতই থাকুক, কোনো অন্যায়কে প্রশ্রয় না দিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের নামে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে প্রধানমন্ত্রী সরাসরি তার সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দিয়েছেন।
‘পুলিশ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে বুধবার নিজ কার্যালয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “কিছু প্রভাবশালী লোক থাকে, নানা রাজনৈতিক পরিচয়ে তারা সেই প্রভাব খাটানোর চেষ্টা করে।
“এখানে আমার নির্দেশ থাকবে, কখনও অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালীই হোক।”
দুর্বলের স্বার্থ রক্ষার নির্দেশ দিয়ে তিনি বলেন, “আমার দলেরও কেউ যদি প্রভাব খাটাতে চায়, অবশ্যই আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগের সুযোগ কিন্তু আছে, সবসময়ই এই যোগাযোগটা আমরা রাখি।”
মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, “সব থেকে এখন বড় সমস্যা দেখা যাচ্ছে মাদক। এই মাদক সমাজের সর্বস্তরে।
শেখ হাসিনা বলেন, “এই মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। আরও বেশি কঠোর হতে হবে। এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানাই।”
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সেবা, কল্যাণ, মঙ্গল এটাই কিন্তু একমাত্র লক্ষ্য। আর সেটা করতে গেলে যেটা সব থেকে প্রয়োজন তা হলো আইনশৃঙ্খলার উন্নতি করা।
“আর সে দ্বায়িত্বটা সার্বিকভাবে পুলিশের ওপরই বর্তায়। কাজেই পুলিশকে আমরা সেভাবেই তৈরি করে দিতে চাচ্ছি, যেন তারা তাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে পারে।”
নিজেদের কাজ সম্পর্কে পুলিশের সচেতনতা ‘যথেষ্ট’ বৃদ্ধি পেয়েছে এবং তারা ‘সময়োপোযোগী’ পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন সরকারপ্রধান।
“এর ফলে বাংলাদেশে যে একসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারছি। আর অর্থনৈতিক অগ্রগতিও আমরা অব্যাহত রাখতে পারছি।”
২০১৫ সালে সরকার উৎখাতের নামে তিন মাস যে ‘তাণ্ডব’ চলে, সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় পুলিশের ‘অগ্রণী’ ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।
ওইসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা।
একইসঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ যেন কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে এবং চোরাচালান ও নারী-শিশু পাচার যেন বন্ধ হয় সেদিকেও নজর রাখার নির্দেশ দেন তিনি।
বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলের বেতন বলতে গেলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছি। পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত কোনো সরকার শতভাগের ওপর বেতন বৃদ্ধি করতে পারে নাই। আমরা কিন্তু তা করে দিয়েছি।
“আমরা চাই সবার জীবনযাত্রা সহজ হোক, সুন্দর হোক।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকসহ অন্যরা বক্তব্য দেন।
আইজিপি তার বক্তব্যে পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার দাবি জানান।
পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 'বিশাল একটা মন্ত্রণালয়' আখ্যায়িত এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান।
শেখ হাসিনা বলেন, “আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশাল মন্ত্রণালয়। সবার জন্য আলাদা আলাদা ভাগ করতে পারব না। বাংলাদেশে একটা কথা আছে- 'ঘরের মধ্যে ঘর, তার মধ্যে পড়ে মর'- সেটা যেন না হয়।
“স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশাল একটা মন্ত্রণালয়। এখানে বিভিন্ন কাজ করতে হয়। কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেই ইতোমধ্যে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “এখানে আমরা কতগুলি ভাগ করে দিয়ে বিভিন্ন ভাগে কাকে কাকে কোথায় দায়িত্ব দেওয়া এবং আরও কয়েকজন সচিব দেওয়া . . . , যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো যথাযথভাবে কাজ করতে পারে।
“শুধু এই ভাগ ওই ভাগ . . . ; তাহলে তো সবাই একেকটি বিভাগ চেয়ে বসে থাকবে। সেইভাবে বিভাগ চাইলে তো কোনো কাজই হবে না, কাজের ভেতরে সমন্বয় থাকবে না।”
তবে 'কাউন্টার টেররিজম' নিয়ে অবশ্যই আলাদা একটা ইউনিট হওয়া দরকার বলে মনে করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আজকে শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এটা (সন্ত্রাসবাদ) একটা বিরাট সমস্যা। আমরা বাংলাদেশে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।
“কাজেই এটা নিয়ন্ত্রণে রাখতে হলে কার কার সঙ্গে সমন্বয় রাখতে হবে সেটা মাথায় রেখেই কিন্তু একটা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করা প্রয়োজন”।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে আলাদা পুলিশ বিভাগ গঠন ছাড়াও আবাসন ও যানবাহন সমস্যার সমাধানসহ নানা দাবি তুলে ধরেন।
পুলিশের পক্ষ থেকে তাদের জন্য বীমার সুবিধা তুলে ধরা হলে প্রধানমন্ত্রী বলেন, “অবশ্যই পুলিশের জন্য একটা বীমা পলিসি থাকা দরকার।”
একটি স্বতন্ত্র ব্যাংক গঠনের দাবি তোলা হলে শেখ হাসিনা বলেন, “ব্যাংক করতে ৪০০ কোটি টাকা লাগে। এই টাকা জোগাড় করলে ব্যাংক করে দেব।”
বিভিন্ন স্থানে থানা ভবন করার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। একইসঙ্গে নারী পুলিশের সংখ্যা বাড়তে থাকায় তাদর জন্য আলাদা আবাসান ব্যবস্থা তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
