২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মকর্তাকে আটকে রেখে টাকা আদায়: ৩ পুলিশ বরখাস্ত

রাজধানীতে এক সরকারি কর্মকর্তাসহ তার আত্মীয় আটকে রেখে পৌনে এক লাখ টাকা আদায়ের অভিযোগে উত্তরা পশ্চিম থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

রোববার তাদের বরখাস্ত করা হলেও মঙ্গলবার তা প্রকাশ পায়।

ওই তিন পুলিশ সদস্য হলেন, উপ পরিদর্শক আব্দুর রউফ বাহাদুর, সহকারী উপ পরিদর্শক মারুফ হোসেন ও কনস্টেবল গোলাম মোস্তফা।

তাদের বিরুদ্ধে ব্যবস্থার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক।

পুলিশের এক কর্মকর্তা জানান, শনিবার রাতে উত্তরার একটি দোকানে এক নারী আত্মীয়কে নিয়ে খাবার খেতে গিয়েছিলেন সরকারি এক কর্মকর্তা। তার বের হওয়ার পর টহল পুলিশের একটি দল তাদের আটক করে।

পরে তাদের থানায় নিয়ে ছেড়ে দেওয়ার শর্তে এক লাখ টাকা দাবি করে। টাকা না দিলে বিভিন্ন মামলায় জড়ানোর কথা বলে।

বাধ্য হয়ে ওই সরকারি কর্মকর্তা ৭৫ হাজার টাকা দিয়ে গভীর রাতে থানা থেকে ছাড়া পান বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, পর দিনই ওই কর্মকর্তা বিষয়টি ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার বিধান ত্রিপুরার কাছে গিয়ে বলেন। উপ কমিশনার তদন্ত করে সত্যতা পান।

এরপরই ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয় বলেন পুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান।