২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীত বিদায়ের পালা

মাঘের প্রথম সপ্তাহের বৃষ্টির পর শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় অনেকটা জবুথবু দেশের বিস্তীর্ণ অঞ্চল। তবে এ বছরের মতো শীতের দাপট শেষ হতে চলেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 06:20 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

পুরনো খবর:

নওগাঁয় তীব্র শীত, জনজীবনে দুর্ভোগ   

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ থাকতে পারে আর মাত্র এক দিন; তারপর কমে আসবে কনকনে শীতও।

গত কয়েকদিন শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্নিত হয়েছে; অনেক এলাকায় শিশু ও বয়স্করা আক্রান্ত হয়েছে ঠাণ্ডাজনিত রোগে।

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করায় এই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা রুহুল কুদ্দুস।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শৈত্যপ্রবাহ আরও একদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে কনকনে শীত কমে আসবে। এ শীত কেটে গেলে চলতি মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই।”

দু’দিন ধরে দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস কর্মকর্তা কুদ্দুস বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে।

“সোমবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আর কমার শঙ্কা নেই। দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সোমবারও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি জানান, ঘন কুয়াশায় কারণে রোববার সকালে ফেরি চলাচল বিঘ্নিত হয়। আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টায় ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ ফেরি ঘাট শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল শুরু হয়।

শিমুলিয়ায় বিআইডব্লিউটিসি’র সহকারী মহা ব্যবস্থাপক খালিদ হোসেন জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে এলে রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কাটলে ১০টার দিকে আবার চলাচল শুরু হয়।

দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশায় কারণে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

নওগাঁ প্রতিনিধি জানান, ঘন কুয়াশা ও তীব্র শীতে নওগাঁর জীবনযাত্রা জবুথবু হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছে শ্রমজীবী মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন জানান, শীতে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দিজ্বসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।