নওগাঁয় তীব্র শীত, জনজীবনে দুর্ভোগ
ঘন কুয়াশা ও তীব্র শীতে নওগাঁর জীবনযাত্রা জবুথবু হয়ে পড়েছে।
সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। দিনমজুররা নিয়মিত কাজে যেতে পারছে না। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
আবহাওয়া অদিদপ্তরের রোববারের পূর্বাভাসে বলা হয় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হাল্কা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার দেশের সমর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বদলগাছী উপজেলায়।
নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন জানান, শীতে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, সর্দিজরসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
গত এক সপ্তাহে নওগাঁ সদর হাসপাতালসহ জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত বিভিন্ন রোগে পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে বলে জানান তিনি।
নওগাঁ শহরের রিকশাচালক আনসার আলী (৪২) জানান, পাঁচ সদস্যের পরিবারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তীব্র শীতের কারণে কমে গেছে রোজগার।
নওগাঁর এনায়েতপুর গ্রামের কৃষি শ্রমিক ছহিম উদ্দিন (৫২) জানান, তীব্র শীতের কারণে গত তিন দিন কাজ করতে পারেননি। ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে।
