বেতনভাতা বাড়ানোর দাবিতে রাস্তায় গ্রাম পুলিশ
সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমান বেতনভাতা বাড়ানোসহ চার দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছেন গ্রাম পুলিশের সদস্যরা
রোববার সকাল থেকে ‘বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের’ ব্যানারে পাঁচ শতাধিক গ্রাম পুলিশ এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৩ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা প্রতিকী অনশন হবে বলে ইউনিয়নের মহাসচিব এম এ নাছের জানিয়েছেন।
“আমাদের দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে,” বলেন তিনি।
ইউনিয়ন পরিষদ ও সরকারিভাবে যে পারিশ্রমিক দেওয়া হয় তা অপ্রতুল বলে জানান নাটোর থেকে আসা আবু তালেব।
জেলা কমান্ডার তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাস অন্তর ইউনিয়ন পরিষদ থেকে ১৫০০ ও সরকার থেকে ১৫০০ টাকা পাই, যা দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যায়।
“আমরাও পুলিশ, আনসার বাহিনীর মত কাজ করছি। কিন্তু আমরা অনেক অবহেলার পাত্র। আমাদের চতুর্থ শ্রেণির মর্যাদা দিলে অন্তত ছেলেমেয়ে নিয়ে বাঁচতে পারব।”
তাদের অন্য দাবিগুলো হচ্ছে- গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণির কর্মচারীদের অনুরূপ বেতন স্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ-আনসার বাহিনীর মতো রেশনের ব্যবস্থা করা।
এছাড়া গত ৪ মে ‘গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা’ বাতিল করে হাই কোর্টের রায় বহাল রাখার দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচিতে।
