২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে পুরনোদের মিলনমেলায় প্রাণের উচ্ছ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘হিরন্ময় অ্যালামনাই মেলববন্ধন’ উৎসবে দিনভর আড্ডা আর ছবিতে প্রাণবন্ত সময় কাটিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 01:55 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

মাঘের শীত উপেক্ষা করে শনিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাবেক ছাত্রছাত্রীদের এই মিলনমেলা শুরু হয়।

সকালের দিকে দেখা যায়, কেউ কেউ বন্ধুদের সঙ্গে ছবি আর 'সেলফি' তুলছেন; আবার কেউ কেউ তখন অপেক্ষায় পুরনো সহপাঠীর জন্য। এরপর অনেক দিন পর বন্ধুর দেখা পেতেই একসঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।

‘হিরন্ময় অ্যালামনাই মেলবন্ধন’ এর মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। তবে খেলার মাঠে এসে পুরনো বন্ধুদের কুশল-খবরাখবর নেওয়া প্রাণের উচ্ছ্বাসের মধ্যে আনুষ্ঠানিকতা করা যেন ‘বাহুল্যই’ হয়ে যায়; শেষ পর্যন্ত সকাল সোয়া ১০টায় হয় মেলবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধনী।

উদ্বোধনের আগে মূল মঞ্চ ও মঞ্চকে ঘিরে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রাণ রসায়ণ ও অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র মো. ফরহাদ মিয়াসহ অনেকেই।

২২ বছর আগে ক্যাম্পাস জীবন পার করে আসা ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে, নিজের শিক্ষকদের সঙ্গে ছবি তুলছি, সহপাঠীদের সঙ্গে ছবি তুলছি।”

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আজ পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, ছবি তুলে নতুন স্মৃতি ধারণ করছি!”

আনুষ্ঠানিক উদ্বোধনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক রওশন আরা ও তার দল।

এ সময় মূল মঞ্চের সামনে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে অ্যালামনাই সভাপতি রকীবউদ্দীন আহমেদ, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও জ্যেষ্ঠ দুই অ্যালামনাই মেজবাউল বারী চৌধুরী ও আফিয়া দিলসহ অন্যরা।

এরপর ১০টা ২২ মিনিটে বেলুন উড়িয়ে মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। সেখান থেকে মঞ্চে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে একটি আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপাচার্য আরেফিন সিদ্দিক, সাবেক দুই উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও অধ্যাপক এসএমএ ফায়েজ এবং মেজবাহ-উল বারী চৌধুরী ও আফিয়া দিল অংশ নেন।

আরেফিন সিদ্দিক বলেন, “আজকের পৃথিবীতে উন্নয়নের নানা মাপকাঠি রয়েছে, সূচক রয়েছে। এর মধ্যে বর্তমানে সবচেয়ে বড় মাপকাঠি হলো ভালোবাসা।এ দেশকে ভালোবেসেই মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিলেন।আর এ ভালোবাসা শিখিয়ে গিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

জাতীয় পর্যায়ের সব বড় অর্জনের সঙ্গে ‘মাতৃসম’ ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “দীর্ঘ জীবনে এখানে যা শিখেছি, তা ছিল মূলধন হিসেবে চিহ্নিত। যখন এই বিশ্ববিদ্যালয়ের গুণ পরিসর আমি মনে করি, তখন মনটা প্রফুল্ল হয়। প্রিয় প্রতিষ্ঠান বেঁচে আছে, চলছে এগিয়ে শর্ত বর্ষের দিকে- এটা উপভোগ করবে তরুণরা।”

অনুষ্ঠানের উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের হিরন্ময় উৎসবের সবচেয়ে প্রবীণ অধ্যাপক মেজবাহ-উল বারী চৌধুরী তার বিশ্ববিদ্যালয় জীবন ‘হই-হুল্লোড়ের মতো’ কেটেছে জানিয়ে বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।

“অর্থনীতি বিভাগের অধ্যাপক অমিয় চক্রবর্তী স্যারের ক্লাসে আমি একটা টপিক বুঝতেছিলাম না। পরে স্যার আমার এস এম হলে এসেছিলেন সেটা বুঝাতে।

“স্যারকে প্রশ্ন করলাম? স্যার আপনি ডাকলে তো আমি আসতাম। স্যার বলেছিলেন, তুমি বুঝ নাই- তাই আমি বাসায় থাকতে পারতে ছিলাম না।”

শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক মেজবাহ বলেন, “শিক্ষকরা ছাত্রকে ছেলেসম দেখবেন।ওই সময় আমরাও শিক্ষকদের বাবার মতো শ্রদ্ধা করতাম।

“এই বিশ্ববিদ্যালয়ের সময়কে তিনভাগে ভাগ করা যায়। তা হল সত্যবাদিতার যুগ, অস্থিরতার যুগ এবং আশ্চর্যজনক পরিবর্তনের যুগ। ঢাকা বিশ্ববিদ্যালয় একশ বছর পূর্ণ করতে যাচ্ছে, এটা ভাবতেই খুব ভালো লাগছে।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মোল্লা মো. আবু কাওসার।

শেষ পর্যায়ে সাবেক শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের সঙ্গে আলাপচারিতা করতে শুরু করেন।

এ সময় হাসি-ঠাট্টার সঙ্গে সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ বলেন, “আলোচনা সভা শেষে পুরনো বন্ধুর সঙ্গে বান্ধবীদের এবং পুরনো বান্ধবীদের সঙ্গে পুরনো বন্ধুরা আলাপ করব।”

আলোচনা পর্ব শেষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকাল ভালো ছিল, একালের চেয়ে’ শীর্ষক একটি প্রীতি বির্তক হয়।

এতে পক্ষ দলে সঞ্জীব সাহা, নবনীতা চৌধুরী ও আল মামুন এবং বিপক্ষ দলে তালেয়া রেহমান, ড. অজয় রায়, এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী অংশ নেন।

সাবেক শিক্ষার্থী সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “প্রিয় ক্যাম্পাসে এলে মন আন্দোলনে উদ্বেলিত হয়ে ওঠে। স্মৃতিতে ভাসে ছাত্র রাজনীতির দিনগুলো।”

গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, “দলমত নির্বিশেষে সবার সঙ্গে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে।”

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, “ক্যাম্পাসে এলেই আকর্ষণীয় নানা স্মৃতি মনে পড়ে। অভিজ্ঞতা অর্জনের পথ আরও আকর্ষণীয়।বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করবে সে অনুষ্ঠানে এলে আরও ভালো লাগবে।”

উৎসবে অন্যদের মধ্যে রাশেদ খান মেনন, আ স ম আব্দুর রব, দিলীপ বড়ুয়া, গোলাম সারওয়ার, শফিক রেহমান, রিয়াজ উদ্দিন আহমেদ, শাইখ সিরাজ, মঞ্জুরুল আহসান বুলবুল, সৈয়দ ইশতিয়াক রেজা, সুভাষ সুজিত রায় নন্দী, সিংহ রায়, শাসসুজ্জামান খান দুদু, খাইরুল কবির খোকন, শিরিন আখতার ও পুলিশের আইজিপি শহীদুল হক উপস্থিত ছিলেন।

বিকাল ৫টার দিকে সাংস্কৃতিক পর্ব শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় ‘হিরন্ময় মেলবন্ধন’।