ধর্মঘটের ডাক নৌযান শ্রমিকদের
ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা, নৌপথে নিরাপত্তা বাড়ানোসহ কয়েকটি দাবিতে আগামী ২৭ জানুয়ারি প্রথম প্রহর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
কর্মসূচির তথ্য নিশ্চিত করে শনিবার সংগঠনের সভাপতি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৩ সালে সর্বশেষ শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৪ হাজার ১০০ করা হয়; যা বর্তমান বাজার দরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।”
তিনি বলেন, “শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা, নৌপথের নিরাপত্তা ও নাব্যতা বৃদ্ধি, লাইটার বা বয়া স্থাপন এবং চট্টগ্রাম থেকে তেল নৌপথে আনার সিদ্ধান্ত বাদ দিয়ে পাইপের মাধ্যমে আনার দাবিতে ২৬ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌযান শ্রমিক বলেন, “আমি ২০ বছর এ লাইনে আছি। অথচ আমার বেতন নয় হাজার টাকা। সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো না হলে আন্দোলন চালিয়ে যাব।”
নৌপথে বর্তমানে প্রায় দুই লাখ শ্রমিক কাজ করছে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটার জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতারা।
