২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম এ আজিজের মৃত্যুর প্রধানমন্ত্রীর শোক

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 04:09 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

Image
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ (ফাইল ছবি)

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ (ফাইল ছবি)

এম এ আজিজের মৃত্যুতে আওয়ামী লীগ দীর্ঘ দিনের 'পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিত প্রাণ' এক নেতাকে হারালো বলে শোকবাণীতে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শনিবার দুপুরে মস্তিস্কের রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এম এ আজিজ।

শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

মরহুম এম এ আজিজের মরদেহে শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী বিকাল ৪টায় মরহুমের বাসায় যাবেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পঁচাত্তর পরবর্তী দুঃসময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে এম এ আজিজের ভূমিকা অপরিসীম ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "মহান মুক্তিযুদ্ধ ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মরহুমের সাহসী ভূমিকার কথা জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে ।”

ক্ষমতাসীন আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গত আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন পঁচাত্তরোর্ধ্ব আজিজ।

২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহসভাপতি হন আজিজ।

একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

তারপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতির হিসেবে কাজ করে আসছিলেন।

আজিজের তিন ছেলের মধ্যে বড় জন উমর বিন আব্দুল আজিজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।