‘মাদকাসক্ত’ যুবকের কোপে আহত ৭
রাজধানীর কদমতলীতে এক যুবকের বটির কোপে নারীসহ সাতজন আহত হয়েছেন। হামলাকারী যুবক মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে শনির আখড়ার জাপানি বাজার এলাকায় এক টিনশেড বাড়িতে বটি নিয়ে রকি সবার উপর হামলা চালায় বলে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রকি এলোপাতাড়ি কুপিয়ে সাতজনকে আহত করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।”
আহতদের মধ্যে আব্দুল (৪০) ও তার স্ত্রী সুমিকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের জখমের ধরন খুবই সামান্য বলে ওসি জানান।
কী কারণে রকি সবার উপর হামলা চালিয়েছিল, তা জানা যায়নি।
