২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণের পাকিস্তান দূতাবাস ঘেরাও বুধবার

একাত্তরের গণহত্যার দায় অস্বীকার এবং কোনো কারণ ছাড়াই এক বাংলাদেশি কূটনীতিককে ‘বহিষ্কারের’ প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাই কমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 11:21 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঙ্গলবার এক বিবৃতিতে বুধবার বিকাল ৩টায় গুলশান-২ নম্বর থেকে হাই কমিশন ঘেরাওয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ঘেরাও কর্মসূচি পুনর্বিবেচনার কথা বলেছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে আশ্বস্ত হওয়ার মতো কোনো পদক্ষেপ না নেওয়ায় আগামীকাল পাকিস্তানের দূতাবাস ঘেরাও করবে মঞ্চ।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

“এছাড়া ১৯৭৩ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত ত্রিদেশীয় দিল্লি চুক্তি অনুযায়ী, আটককৃত ১৯৫ জন মানবতাবিরোধী যুদ্ধাপরাধীকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। চুক্তি অনুযায়ী পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা কয়েক হাজার কোটি ডলার কড়ায় গণ্ডায় হিসেব করে ফেরত দিতে হবে,” বলেন তিনি।

সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়া বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে বহিষ্কারের জন্যও  পাকিস্তানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেন ইমরান এইচ সরকার।

এসব বিষয়ের মীমাংসা না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইমরান।

“আত্মমর্যাদার প্রশ্নে বাঙালি ১৯৭১ সালে আপোষ করেনি, ২০১৬তেও করবে না। সরকার উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে বাংলাদেশের জনগণই ১৯৭১ এর মতো পাকিস্তানকে তার ঔদ্ধত্যের জবাব দেবে,” বলেন তিনি।

পাকিস্তান এখন উপমহাদেশের ‘বিষফোঁড়ায়’ পরিণত হয়েছে মন্তব্য করে ইমরান বলেন, “উপমহাদেশের জঙ্গিবাদের কেন্দ্রবিন্দু যেমন ইসলামাবাদ, তেমনি এদেশে জঙ্গিবাদের কেন্দ্র হচ্ছে পাকিস্তানি হাই কমিশন।”

যুদ্ধাপরাধী আলী আহসান মো. মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়। এরপর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গতমাসে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয় ইসলামাবাদ।

এর পাল্টায় ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ফেরত নেওয়ার আহ্বান জানায় পাকিস্তান সরকার। তবে বাংলাদেশি ওই কূটনীতিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দেখাতে পারেনি তারা। মৌসুমী রহমানকে ইসলামাবাদ থেকে অন্য দেশে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়।

এ প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন থেকে যাদের আত্মপ্রকাশ।