২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে টাকা চেয়ে ডিআইজি প্রিজনকে হুমকির অভিযোগ

'সর্বহারা দলের' নেতা পরিচয়ে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে বলে রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কারা সদর দপ্তরের ডিআইজি প্রিজন এ কে এম ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 04:08 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে ডিআইজি প্রিজন থানায় একটি জিডি করেছেন, যাতে তাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

০১৬২৫-৫১৪২৮২ নম্বরের একটি মোবাইল ফোন থেকে মঙ্গলবার বেলা ১০টা ৫৬ মিনিটে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ডিআইজি প্রিজন ফজলুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফোনে একটি পুরুষ কন্ঠ থেকে নিজেকে সর্বহারা দলের নেতা মহীউদ্দিন বলে পরিচয় দিয়ে তাদের সংগঠনের জন্য টাকা দাবি করা হয়।

এরপর কিছুক্ষণ নীরব থেকে আবারও বলা হয়, টাকা না দিলে কিভাবে টাকা আদায় করতে হয় জানি।"

এ ঘটনায় চকবাজার থানায় জিডি করার কথা স্বীকার করেন এই কারা কর্মকর্তা।

চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার জানান, হুমকি দেওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।