২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 10:26 AM

Updated : 12 Apr 2022, 01:14 AM

রোববার রাত ৩টার দিকে সাত নম্বর সেকশকের ‘অ্যাক্টিভ জিপার’ নামের ওই কারখানার ডাইং বিভাগে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান।

সকালে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানান তিনি।

দগ্ধ দুই শ্রমিক স্বপন (২০) ও আরিফকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদের দুজনেরই শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গেছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

ওই কারখানার অন্য শ্রমিকদের বরাত দিয়ে এএসআই সেন্টু বলেন, রাতে কারখানায় কাজ করার সময় বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে দুজন দগ্ধ হন।