বাড়তি ফি আদায় বন্ধে ছাত্র ফ্রন্টের স্মারকলিপি
ঢাকার বিভিন্ন স্কুলে ‘বাড়তি ও অন্যায্য’ ফি আদায় বন্ধের দাবিতে পুরান ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বিক্ষোভ কর্মসূচির পর এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
রোববার দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পুরান ঢাকার লক্ষ্মীবাজার ও বাংলাবাজার এলাকার কলেজিয়েট স্কুল, বাহাদুর শাহ পার্ক, পোগোজ স্কুল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
সমাবেশে সংগঠনটির ঢাকা নগর কমিটির সভাপতি নাঈমা খালেদ মনিকা বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ থেকে ১০০ ভাগ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে। তারা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা না মেনে বেতন আদায় করছে। হাই কোর্টের রায়েও নীতিমালার বাইরে অতিরিক্ত বেতন আদায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
“এভাবে বেতন বৃদ্ধি মেনে নেওয়া যায় না। কিন্তু এরপরও অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মলয় সরকার, প্রচার সম্পাদক রাশেদ শাহরিয়ার প্রমুখ।
