চাঁদাবাজি মামলায় এসআই রিমান্ডে
চাঁদাবাজির এক মামলায় ঢাকার কোতোয়ালি থানার এসআই নুরুল আমিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজত পেয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববার ডিবির পরিদর্শক কাজী গোলাম কবির তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন।
মহানগর হাকিম জাকির হাসেন টিপু দুই দিন রিমান্ডের অনুমতি দেন।
নুরুল জামিনে থাকলেও এদিন অন্য মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর বিকালে তার রিমান্ডের আবেদনের শুনানি হয় বলে আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এসআই নুরুল আমিন খানের বিরুদ্ধে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি বাড়িতে আটকে রেখে বিমল চন্দ্র আইচ নামের এক ব্যবসায়ীকে তিন দিন আটকে রেখে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা হয়।
আদালতের পুলিশ কর্মকর্তা দীপক দে জানান, গেন্ডারিয়া থানায় মামলাটি হয়েছিল।
