শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পুরস্কার বিতরণ
বইয়ের মাধ্যমে আলো ছড়ানোর অঙ্গীকার নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক ‘উৎকর্ষ’ কার্যক্রমে সেরা বই পাঠকের পুরস্কার বিতরণী উৎসব শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনা বটমূলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে' গানের সঙ্গে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শেষ হয় এই উৎসবের।
এর আগে শুক্রবার সকালে শুরু হয় দুই দিনব্যাপী এই উৎসবের। প্রথমদিনে সকাল ও বিকালের দুই পর্বে ঢাকা মহানগরীর ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার ৩৫০ জন বই পড়ুয়া ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দ্বিতীয় দিনের উৎসব শুরু হয় শনিবার বিকালে। এই সমাপনী পর্বে মহানগরীর ৩১টি স্কুলের দুই হাজার ১২১ জন ছাত্রছাত্রী উৎসবের অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
এদিন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, "৩৭ বছর আগে মাত্র ১৫ জন পাঠক নিয়ে কেন্দ্রের পথচলা শুরু হলেও বর্তমানে আমাদের পাঠক সংখ্যা কয়েক লক্ষ গুণ বেড়েছে।
"সারা বিশ্বে বইপড়া লোকের সংখ্যা কমে গেলেও আমাদের দেশে এ সংখ্যা অনেক বেড়েছে-তা কেন্দ্রের পাঠকসংখ্যা বৃদ্ধিও পরিসংখ্যান থেকেই তা বোঝা যায়। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় যে, আগামীর পৃথিবী হবে আমাদের, বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ।"
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "এমন জীবন গড়তে হবে-যেন মৃত্যুর সময় হাসতে হাসতে বিদায় নেওয়া যায়; কিন্তু পুরো পৃথিবী তোমার মৃত্যুতে কাঁদতে থাকে।"
এছাড়াও এদিন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য, যাদুশিল্পী জুয়েল আইচ, নাট্যব্যক্তিত্ব ও লেখক খায়রুল আলম সবুজ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্ট্রি খন্দকার মো. আসাদুজ্জামান অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আয়োজনে তিনটি পর্বে ঢাকা মহানগরীর মোট ১১৫টি স্কুলের ছয় হাজার ৪৭১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
