২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংকেত অমান্য করায় ডিএসসিসি কর্মকর্তাকে আঘাত’

ছিনতাই ঠেকাতে দায়িত্বরত পুলিশ সদস্যদের থামার সংকেত অমান্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাশকে আঘাত করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অভ্যন্তরীণ এক অফিস আদেশ থেকে জানা গেছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 09:04 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

পুলিশ এখন নিজেদের ‘দেশের রাজা’ বলছে: ফখরুল
ব্যক্তিগত অপরাধের দায় ‘পুলিশ নেবে না’
এবার ডিসিসি কর্মকর্তাকে ‘পেটানোর’ অভিযোগ পুলিশের বিরুদ্ধে

শনিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত ওই অফিস আদেশের একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।

ওই আদেশে বলা হয়, বিকাশ চন্দ্র পুলিশের থামার সংকেত অমান্য করে রাস্তার ওপর মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা থেকে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে মীরহাজরীবাগ পিটুনিতে আহত বিকাশকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও আদেশে বলা হয়, তিনি ‘সামান্য’ আহত হয়েছিলেন।

এতে বলা হয়, যাত্রাবাড়ী থানার এসআই মো. আরশাদ হোসেনের নেতৃত্বে একটি ছিনতাই প্রতিরোধ টিম মীরহাজীরবাগ এলাকায় টহলরত অবস্থায় রাত অনুমানিক সাড়ে ৪টায় একটি মোটরসাইকেল ওই এলাকা দিয়ে একাধিকবার যাতায়াত করে।

এতে পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে ‘আরোহী সিগন্যাল আমান্য করে এগিয়ে গিয়ে রাস্তার উপর মোটরসাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে’।

“এ সময় ছিনতাই প্রতিরোধ টিমের সদস্যরা তাকে ধাওয়া করে এবং তার গতিরোধ করার জন্য পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে।”

তবে বর্তমানে ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিকাশের স্বজন (স্ত্রীর ভাই) চন্দন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি লোককে পুলিশ মোটরসাইকেল থামাতে বললে সে থামাবে না এটা কি বিশ্বাস করা যায়?

Image
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)

পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ছবি)

“ওই রাতে পুলিশ বিকাশকে মোটরসাইকেল থামাতে বলার পর কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করে।”

বিকাশের ওপর হামলা সম্পর্কে চন্দন বলেন, “পুলিশের লাঠির আঘাতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন বিকাশ। ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা জানিয়েছে, পুলিশ বন্দুকের বাট দিয়ে বিকাশের কপালে আঘাত করেছে। তার মুখে, ঘাড়ে কিল-ঘুষি দিয়েছে।”

ঘটনার পর প্রথম এক পরিচ্ছতাকর্মী বিকাশের মোবাইল থেকে ফোন করে তার ওপর হামলার কথা পরিবারকে জানায় বলে চন্দন দাস জানান।

“এরপর দয়াগঞ্জের বাসা থেকে মীরহাজীরবাগ গিয়ে দেখি রাস্তায় একটি ভ্যানে বিকাশকে শুইয়ে রাখা হয়েছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।”

বিকাশের উন্নত চিকিৎসা দরকার বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানানোর পর শুক্রবার রাতেই তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

“বিকাশ ভালভাবে কথা বলতে পারছেন না। তার মুখ-চোখ ফুলে গেছে। সারা শরীরে প্রচণ্ড ব্যথা।”

বিকাশ সুস্থ হওয়ার পর পুরো ঘটনা জেনে দোষীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।

ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।

মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) বনোজ কুমার মজুমদার নেতৃত্বাধীন কমিটিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম, পুলিশের ওয়ারি বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলামকে রাখা হয়েছে।

তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে।

ওই ঘটনার পর উপ-পরিদর্শক মো. আরশাদ হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর জানিয়েছেন।