২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ঘণ্টার ব্যবধানে ঢাকায় সড়কে প্রাণ হারাল দুই ছাত্রী

এক ছাত্রী বাসের ধাক্কায় নিহত হওয়ার পর সড়কে নেমে শিক্ষার্থীদের বিক্ষোভের আট ঘণ্টার ব্যবধানে এক কিলোমিটারের মধ্যে রাজধানী ঢাকায় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আরেক স্কুলশিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 05:14 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যুর পর ঢাকায় সড়ক অবরোধ
আইনের প্রয়োগ না থাকায় সড়কে দুর্ঘটনা: সুরঞ্জিত

শনিবার সকালে মৎস্য ভবনের সামনে বাসের ধাক্কায় নিহত হন নবম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার সোনালী। বিকালে তার এক কিলোমিটারের মধ্যে শাহবাগ মোড়ে বাসের নিচে চাপা পড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা সুলতানা মিতু।

মিতু (১২) কুমিল্লা থেকে ঢাকায় তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে স্বজনরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৪টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা পেরুনোর সময় ৭ নম্বর রুটের (গাবতলী-যাত্রাবাড়ী) রুটের একটি বাসের নিচে চাপা পড়ে মিতু।

সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা দেখে শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন।

হাসপাতালে থাকা মিতুর স্বজনরা জানান, গত ৯ জানুয়ারি ঢাকায় এসেছিল মিতু। সে কুমিল্লার লক্ষ্মণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

মিতুর ভগ্নিপতি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি। ফেরার সময় একমাত্র শ্যালিকাকে ঢাকা বেড়াতে নিয়ে আসেন।

মিতুর ভগ্নিপতি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রী, নিজ শিশু সন্তান এবং শ্যালিকা মিতুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি।

Image
মিতুর স্বজনদের আহাজারি

মিতুর স্বজনদের আহাজারি

শ্যামপুর বালুরমাঠ এলাকার বাসা থেকে বেরিয়ে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে শিশু পার্কে গিয়েছিলেন তারা। সেখান থেকে রাস্তা পেরিয়ে বিএসএমএমইউ মার্কেটের একটি রেস্তোরাঁয় খেতে যাচ্ছিলেন তারা।

ওমর ফারুক বলেন, “আমার সঙ্গে আমার ছেলে ছিল। পেছন পেছন দুই বোন হাত ধরাধরি করে পার হচ্ছিল। আমরা পার হয়ে যাই, কিন্তু তারা পার হওয়ার সময় মিতু ছুটে যায় এবং সায়েন্স ল্যাবরেটরির দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।”

শাহবাগ থানার উপ পরিদর্শক নীরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসচালক শাহিন হোসেনকে (২২) গ্রেপ্তার এবং বাসটি আটক করা হয়েছে।

মিতু মারা যাওয়ার আট ঘণ্টা আগে মৎস্য ভবনের কাছে বাসের ধাক্কায় সোনালীর (১৪) মৃত্যু হলে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিল।

সোনালী সেগুন বাগিচার বেগম রহিমা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছিল। তার বাবার নাম জাকির হোসেন। তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।

শাহবাগ থানার উপ পরিদর্শক মো. নীরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে সোনালী গণপূর্ত ভবনের (এখন সুপ্রিম কোর্টের ভবন) সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।”

Image
সন্তান হারিয়ে নির্বাক সোনালীর মা

সন্তান হারিয়ে নির্বাক সোনালীর মা

পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যান।

সোনালীর মৃত্যুর খবর শোনার পর তার সতীর্থ এবং স্থানীয়রা মৎস্য ভবন মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা দুর্ঘটনার জন্য বাসচালকের বেপরোয়া চালনাকে দায়ী করে বলছিলেন, সোনালীর মৃত্যু রাজধানীর অনিরাপদ সড়কের চিত্রই আবার তুলে ধরেছে।  

রাজধানীর শাহবাগে গত সপ্তাহে বাসের ধাক্কায় বারডেম হাসপাতালের এক কর্মী নিহত হয়েছিলেন। তার কয়েকদিন আগে যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হন পথচারী এক নারী।  

বাংলাদেশে গত বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার জন নিহত হন বলে সম্প্রতি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন পরিসংখ্যান প্রকাশ করে। তবে এই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরেকটি পরিসংখ্যানে বলা হয়, ২০১৫ সালে ঢাকা জেলায় সবচেয়ে বেশি মানুষ দুর্ঘটনায় নিহত হন। এই সংখ্যা ৩৫৯। এর মধ্যে রাজধানীতেই নিহত হন ২২৭ জন।