২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যুর পর ঢাকায় সড়ক অবরোধ

রাজধানীর রমনা পার্কের কাছে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন স্কুলপড়ুয়া এক কিশোরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 10:40 AM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

২০১৫ সালে সড়কে নিহত ৮,৬৪২ জন: যাত্রী কল্যাণ সমিতি

শনিবার সকালে এই দুর্ঘটনার পর স্থানীয়দের অবরোধে প্রায় আধা ঘণ্টা মৎস্য ভবনের সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।

নিহতের নাম সাবিহা আক্তার সোনালী (১৪)। তিনি সেগুন বাগিচার বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছিলেন। তার বাবার নাম জাকির হোসেন। তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।

শাহবাগ থানার উপ পরিদর্শক মো. নীরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে বার কাউন্সিল ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় ওই কিশোরীর মৃত্যু হয়।”

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে শাহবাগ থানার উপ পরিদর্শক আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

সোনালীর মৃত্যুর খবর শোনার পর তার সতীর্থ এবং স্থানীয়রা মৎস্য ভবন মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর বিউটি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভে আধা ঘণ্টার মতো যান চলাচল ব্যাহত হয়েছিল।

বিক্ষোভকারীরা দুর্ঘটনার জন্য বাসচালকের বেপরোয়া চালনাকে দায়ী করে বলছিলেন, সোনালীর মৃত্যু রাজধানীর অনিরাপদ সড়কের চিত্রই আবার তুলে ধরেছে।  

রাজধানীর শাহবাগে গত সপ্তাহে বাসের ধাক্কায় বারডেম হাসপাতালের এক কর্মী নিহত হয়েছিলেন। তার কয়েকদিন আগে যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত হন পথচারী এক নারী।   

বাংলাদেশে গত বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে ৮ হাজার জন নিহত হন বলে সম্প্রতি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন পরিসংখ্যান প্রকাশ করে। তবে এই তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরেকটি পরিসংখ্যানে বলা হয়, ২০১৫ সালে ঢাকা জেলায় সবচেয়ে বেশি মানুষ দুর্ঘটনায় নিহত হন। এই সংখ্যা ৩৫৯। এর মধ্যে রাজধানীতেই নিহত হন ২২৭ জন।