নিয়োগে দীর্ঘসূত্রতা কমানোর আশ্বাস পিএসসি চেয়ারম্যানের
সরকারি কর্ম কমিশনের অধীনে ক্যাডার ও নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান ইকরাম আহমেদ।
শুক্রবার সার্কভুক্ত দেশগুলোর পাবলিক সার্ভিস কমিশন কর্মকর্তাদের নিয়ে দুই দিনের এক কর্মশালার উদ্বোধনীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পিএসসির চেয়ারম্যান বলেন, “সার্কভুক্ত কয়েকটি দেশের সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতার আলোকে-কিভাবে আরও কম সময়ের মধ্যে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যায়, সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে আপনারা দ্রুত আরও পদক্ষেপ দেখতে পাবেন।
“আমরা যেসব উদ্যোগ নিচ্ছি তা বাস্তবায়িত হলে আগের চেয়ে অনেক কম সময়ের মধ্যে পিএসসি রেজাল্ট প্রকাশ করতে পারবে। এমনকি প্রতি ১০ মাস অন্তর অন্তর কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়, সেটাও বিবেচনা করা হচ্ছে। ক্যাডার এবং নন ক্যাডারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা প্রায় অর্ধেকে নামিয়ে আনব।”
১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সার্কভুক্ত আটটি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের কর্ম কমিশনের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রাষ্ট্রের কর্মচারী নিয়োগের ক্ষেত্রকে আরও গতিশীল ও স্বচ্ছ করাই ‘চ্যালেঞ্জ ইন দ্য এক্সামিনেশন প্রসেস ফর রিক্রটমেন্ট অব সিভিল সার্ভেন্ট’ শীর্ষক এই কর্মশালার উদ্দেশ্য।
উদ্বোধনী পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দক্ষ ও যোগ্য লোক নিয়োগের মাধ্যমে সরকারি কাজকে আরও গতিশীল করার ক্ষেত্রে এ ধরনের কর্মশালা ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
আর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ বলেন, সার্কভুক্ত দেশগুলোর রিক্রুটমেন্ট প্রসেসকে আরও বেটার করার জন্যই এই কর্মশালা। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অনেক বিষয়েই সাদৃশ্য পাওয়া যায়। তাই এক দেশের অভিজ্ঞতা আরেক দেশের জন্য কাজে আসতে পারে।
“এখন বিসিএস পরীক্ষায় যে পরিবর্তনগুলো এসেছে বা আরও পরিবর্তন আসছে-এগুলো কিন্তু এ ধরনের কর্মশালারই ফল। গত বছরও সার্কভুক্ত দেশগুলোর চেয়ারম্যান পর্যায়ের বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্তে আসা গিয়েছিল।”
পিএসসি নিজস্ব টার্গেট ফিক্সড করে কাজ করার চেষ্টা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, “এর ফলে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা আরও কমে আসবে এবং যোগ্য লোকদের খুঁজে বের করা যাবে।
“আগে যেখানে নিয়োগ প্রক্রিয়ায় দুই বছর আড়াই বছর লাগতো, সেটা এখন দেড় বছরে নেমে এসেছে। ভবিষ্যতে ১৪ মাস এমনকি ১২ মাসের মধ্যে কিভাবে নিয়োগ দেওয়া যায় সেই দিকে এগোনোর চেষ্টা চলছে।”
বছরের নির্দিষ্ট সময়ে সার্কুলার দেওয়ার প্রচলন করার চেষ্টা চলছে জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, “এতে করে পরীক্ষার্থীরা তাদের অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য সঠিক পরিকল্পনা নিতে পারবেন।”
