সদরঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান
অবৈধ স্থাপনা উচ্ছেদে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ এবং ঢাকা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে সদরঘাটের পশ্চিমে সিমসন ঘাট থেকে উচ্ছেদ শুরু হয় বলে বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক) মো. শফিকুল হক জানিয়েছেন।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সারোয়ার আহমেদ সালেহীনের নেতৃত্বে এই অভিযানে ২৫টি বড় শেড, নৌকা-মাঝি শ্রমিক লীগ ও নৌযান শ্রমিক ইউনিয়নের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদরঘাটের পশ্চিম দিকে নদীর তীরঘেঁষা বাদামতলী পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
নৌযান শ্রমিক ইউনিয়নের সমর্থকরা এ সময় প্রতিবাদ করলেও কোনো গোলযোগ ঘটেনি।
বাদামতলীর ফল ব্যবসায়ী আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০১ সালে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ নদীর তীরে আটটি শেড তৈরি করে।
“লটারির মাধ্যমে আট লাখ টাকার বিনিময়ে একটি শেড পাই এবং প্রতি বর্গফুট হিসেবে মাসে সাড়ে ৬ হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। এখন জামানতের টাকার কী হবে?”
বিআইডাব্লিউটিএ কর্মকর্তা শফিকুল বলেন, “যারা জামানত দিয়ে শেডগুলো ভাড়া নিয়েছেন। অর্থ ফেরত পেতে তাদের সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে বিআইডাব্লিউটিএর প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।”
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, প্রায় আধা কিলোমিটার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
বুধবারও শ্যামবাজার লালকুঠি ঘাটের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
