ট্রেন ভাড়া ৭.৮% বাড়ানোর পরিকল্পনা
বাংলাদেশে ট্রেনের ভাড়া ৭ দশমিক ৮ শতাংশ বাড়াতে চায় রেল কর্তৃপক্ষ, যা ফেব্রুয়ারি থেকেই কার্যকর করার ইচ্ছার কথা বলেছেন মন্ত্রী মুজিবুল হক।
বৃহস্পতিবার রেল ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকেই রেলের ভাড়া বাড়বে।”
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ ট্রেন ভাড়া বাড়ানোর পরামর্শ দেওয়ার দুই দিনের মাথায় এই উদ্যোগের কথা জানালেন রেলমন্ত্রী।
এবার ভাড়া কী হারে বাড়ছে জানতে চাইলে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।”
সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড় ৪৫ টাকার মতো বাড়তে পারে।
“রেলওয়েকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর এই উদ্যোগ। এখন থেকে প্রতি বছরই রেল ভাড়া সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম না বাড়লে কখনোই তা সাড়ে ৭ শতাংশের বেশি হবে না।”
দীর্ঘ ২০ বছর পর ২০১২ সালে বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়ানো হয়, কিলোমিটার প্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা।
রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও ভাড়া বাড়ানের একটি প্রস্তাব গত মঙ্গলবার সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তোলা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বর্তমান যে ভাড়া আছে সেটা খুবই কম। আমরা এজন্য বাড়াতে বলেছি। তবে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। সবকিছু বিবেচনা করে ভাড়া বাড়ানোর জন্য বলা হয়েছে।
“তবে যাত্রীসেবার মান ঠিক রেখে সাধারণ শ্রেণির ভাড়া যাতে বেশি বাড়ানো না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে।”
(ফাইল ছবি)
রেলের আয় বাড়ানোর উদ্যেগে নেওয়া হচ্ছে জানিয়ে সচিব বলেন, “রেলের কন্টেইনার সার্ভিসকে কোম্পানি করার প্রক্রিয়া চলছে। তা হলে রেলের আয় বাড়বে।”
সরকারি সার ও খাদ্যশষ্য রেলের এই কেন্টইনার সার্ভিসের মাধ্যমে পরিবহন করলে আয় বাড়বে বলে রেল সচিব আশা করছেন।
রেল ভবনকে ওয়াইফাই সুবিধার আওতায় আনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
