ইউপিতে উপজেলা চেয়ারম্যানের প্রচার নিয়ে ‘দ্বন্দ্ব’ ইসিতে
পৌর নির্বাচনের মতোই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের খসড়া বিধিমালায় চেয়ারম্যান পদে দল মনোনীত একক প্রার্থী রাখার বিধান রাখা হয়েছে। খসড়া অনুসারে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনের তালিকা লাগবে না।
তবে স্থানীয় সরকারের এ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অংশ নেওয়ার সুযোগ থাকবে কি না- তা নিয়ে নির্বাচন কমিশনে দেখা দিয়েছে মতবিরোধ।
এমপিদের মতো উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের প্রচারে না রাখার পক্ষে একজন কমিশনার; বিরোধিতা করেছেন আরেকজন।
গত মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় পৌর নির্বাচনে সাংসদদের প্রচারের বাইরে রাখায় সরকারি ও বিরোধী দলের তোপের মুখে ছিল নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর তালিকা জমা দেওয়ার বিধান ছিল।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশন সভায় নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়।
ইসি কর্মকর্তারা জানান, পৌর নির্বাচনের অভিজ্ঞতা থেকে স্বতন্ত্র প্রার্থী হতে কোনো সমর্থন তালিকা দেওয়ার পক্ষে নয় ইসি। প্রার্থীর পক্ষে সমর্থনসূচক স্বাক্ষরের পর তা অস্বীকারের প্রবণতাও দেখা গেছে; এর ফলে প্রার্থিতা বাতিলও হয়েছে। এ অবস্থায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতায় বিশেষ কোনো শর্ত আরোপ করা হচ্ছে না।
তবে এ নিয়ে ভিন্ন মত দিয়েছেন নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পৌর নির্বাচনে মেয়র পদে ১০০ ভোটারের সমর্থন লেগেছে স্বতন্ত্র প্রার্থি হতে। ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রেও স্বতন্ত্র পদে কিছু হলেও রাখতে হবে। একেবারেই কোনো শর্তা না রাখা ঠিক হবে না।”
শাহজাহান জানান, প্রস্তাবিত বিধিতে স্বতন্ত্র প্রার্থিতার জন্য কোনো সমর্থন তালিকার কথা না থাকলেও আলোচনা সাপেক্ষে পৌরসভার চেয়ে কম সংখ্যক রাখা হতে পারে।
ইসির যুগ্মসচিব জানান, দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জন্য পৌর নির্বাচনের মতোই একজন প্রার্থী দলের প্রত্যয়নপত্রসহ মনোনয়নপত্র জমা দেবেন। ইউনিয়ন প্রতি দলের ব্যয় ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিধি লঙ্ঘন করলে দলকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
খসড়া বিধিমালায় চেয়ারম্যান পদে ৪০টি নিবন্ধিত দলের প্রতীক, স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীর জন্য নতুন প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
নির্বাচনী আচরণবিধিতে ইউপি প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যানকে প্রচারের সুযোগ না দেওয়ার প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
প্রস্তাবে তিনি লিখেছেন, “সরকারি সুবিধাভোগী ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির’ সংজ্ঞায় পরিবর্তন এনে তাতে মেয়র শব্দের পরে উপজেলা চেয়ারম্যান শব্দগুলি সন্নিবেশ করতে হবে।
এ প্রস্তাবের বিরোধিতা করেছেন মো. শাহনেওয়াজ।
বৈঠক শেষে তিনি বলেন, “স্থানীয় পর্যায়ের একজন নেতা উপজেলা চেয়ারম্যান। তাকে প্রচারে বাধা দেওয়ার কথা চিন্তা করছি না আমরা।”
এ বিষয়ে জানতে চাইলে ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপিতে প্রচারে মন্ত্রী-সাংসদরা যাবেন না। তবে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সরকারি সুবিধা ছেড়ে প্রচারে গেলে বাধা থাকবে না- এমন প্রস্তাবই রাখা হচ্ছে।”
ভোটের আগে প্রার্থীর মৃত্যু হলে ফের তফসিল
বিদ্যমান বিধিমালা অনুযায়ী, ভোটের আগে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর মৃত্যু হলে অন্যদের মধ্যে ভোটের সুযোগ রয়েছে।
এ বিধানে সংশোধনের প্রস্তাব দিয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারক মতামতে বলেছেন, ভোটের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট পদে নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা গেলে বাকিদের মধ্যে ভোট হবে। তবে চেয়ারম্যান পদে কেউ মারা গেলে নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল করার প্রস্তাব দেওয়া হয়েছে।”
ইউপি নিয়েও ‘তাড়াহুড়োর’ ভয় ইসিতে
দলভিত্তিক স্থানীয় সরকারের ইউপি নির্বাচন করার বিষয়ে গত নভেম্বরে বিল পাস হয়েছে সংসদে। বিল অনুসারে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ও সদস্য পদে নির্দলীয়ভাবে ভোট হবে।
পৌর নির্বাচনের পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে নির্দলীয় ইউপি ভোটের প্রসঙ্গটি আসায় নতুন করে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা- তা নিয়ে গণমাধ্যমে সংবাদও এসেছে।
এ অবস্থায় নির্বাচন কমিশনেও দেখা দিয়েছে নতুন শঙ্কা। আগামী ২০ জানুয়ারি সংসদ অধিবেশনও শুরু হচ্ছে। আইন সংশোধন করতে হলে তাতে বিলম্ব ঘটবে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “আমাদের প্রস্তুতি দলীয়ভাবে ভোট করার। বিধিমালাও সংশোধন হচ্ছে। নতুন কোনো সিদ্ধান্ত এলে সবকিছু নির্ভর করবে সময়ের ওপর। ফেব্রুয়ারিতে ইউপির তফসিল করতে হবে। দলীয় ভোটের পরিবর্তে ভিন্ন সিদ্ধান্ত হলে তাড়াহুড়ো করে কাজ করতে হবে।”
তাড়াহুড়ো করতে গিয়ে পৌর নির্বাচনের জটিলতার কথাও তুলে ধরেন তিনি।
মার্চের শেষদিকে ইউপি নির্বাচন শুরুর কথা রয়েছে। এরপর জুলাই পর্যন্ত সাড়ে চার হাজার ইউপির ভোট করতে চায় ইসি। এ লক্ষ্যে ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা শুরুর আগে বিধিমালা ও আচরণবিধির গেজেট করার প্রস্তুতি চলছে।
