ঢাকার খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ
রাজধানীর খিলগাঁওয়ে বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
দাম্পত্য কলহ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামীর দাবি। পুলিশ ময়নাতদন্তের আগে কোনো সিদ্ধান্ত দিতে রাজি হয়নি।
নিহতের নাম রুনা আক্তার (২২)। খিলগাঁওয়ের নন্দীপাড়ার ১ নম্বর স্কুল রোডের ৪ নম্বর বাড়িতে স্বামী টিপু সুলতানের সঙ্গে থাকতেন তিনি। টিপু একটি ওষুধের দোকানে কাজ করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে রুনার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
টিপু সাংবাদিকদের বলেন, তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এই কলহের জের ধরে রুনা আত্মহত্যা করেছে।
রুনার ফুপু রানি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুনার স্বামী তাকে সন্দেহ করত। এই নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হত। এই কারণে রুনা আত্মহত্যা করে থাকতে পারে।”
পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “কীভাবে রুনার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাচ্ছে না।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
