খিলগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযানে দক্ষিণের মেয়র খোকন
পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
ঢাকা দক্ষিণের মেয়রের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, খিলগাঁওয়ের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন এবং চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা মীর সাব্বির ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান ও পরে এক র্যালিতে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র সাঈদ খোকন ও সাংসদ সাবের হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
এ সময় সাংসদ সাবের হোসেন বলেন, “ঢাকা দক্ষিণের মোট আয়তন ৪২ বর্গমাইল। হোল্ডিং দেড় লক্ষ। এক কোটি ৩০ লাখ মানুষ। প্রতিদিন বর্জ্য তৈরি হয় ২৫০০ মেট্রিক টন। একজন ব্যক্তির পক্ষে এই বর্জ্য ব্যবস্থাপনা কখনই সম্ভব না।”
এ কারণে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মেয়রের প্রতি সহযোগিতার হাত বাড়াতে নগরবাসী সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “নাগরিক হিসেবে প্রায়ই অধিকারের কথা বলি। অধিকারের পাশাপাশি যে দায়িত্ব রয়েছে সেটা কতজন পালন করি।"
এ সময় ঢাকা উত্তরের তেজগাঁও এলাকার অবৈধ স্থাপনা ও ট্রাকস্ট্যান্ড সরিয়ে ফেলার প্রসঙ্গ টেনে দক্ষিণেও এ ধরনের যেকোনো স্থাপনা সরিয়ে ফেলতে মেয়রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এই চেয়ারপারসন।
মেয়র সাঈদ খোকন তার বক্তব্যে প্রতিদিন সন্ধ্যা ৭টার পর নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, "আপনারা প্রতিদিন সন্ধ্যা ৭টার পর নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলুন, আমরা সারারাত পরিচ্ছন্ন করে দেব। একটু সহযোগিতা করুন-ঠিক সময়ে ময়লাগুলো ফেলুন।
“ঘরের চেয়ে বেশি সময় শহরে থাকি। ঘরকে যেমন গুছিয়ে রাখি, শহরেও গুছিয়ে রাখতে সবাইকে অনুরোধ করি।”
আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকাকে ভালোবেসে এক ঘণ্টা প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বানও জানান ঢাকা দক্ষিণের এই মেয়র।
