২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে’ হেঁটে আদালতে যাবেন প্রধান বিচারপতি

রাজধানীকে দূষণমুক্ত করতে প্রয়োজনে পায়ে হেঁটে আদালতে যেতে রাজি আছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 02:49 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

‘আপনার সচেতনাই পরিবর্তনের শক্তি’- এই স্লোগান নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি সিনহা বলেন, “আজ কলুষিত জীবন মানুষের.. দিল্লী শহর সমস্ত গাড়ির কালো ধোঁয়ায় কলুষিত হয়েছিল এবং সেখানে দিল্লীর মুখ্যমন্ত্রী বললেন যে গাড়িগুলো প্রত্যেক দিন চলবে না, জোড় ও বেজোড় নম্বরে পালা করে চলবে। তখন ভারতের প্রধান বিচারপতি বললেন যে শহরকে পরিষ্কার করার জন্য, কলুষমুক্ত করার জন্য প্রয়োজনে তিনি বাসে করে এমনকি হেঁটে কোর্টে যাবেন।

“আমিও একই সুরে… মাননীয় মেয়রকে বলছি, যে আপনি কলুষমুক্ত করতে যত ধরনের উদ্যোগ প্রয়োজন নিন, প্রয়োজনে আমিও হেঁটে কোর্টে আসতে রাজি আছি। কিন্তু আপনি কলুষমুক্ত করুন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ এই শিরোনামে এই পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।

এ উদ্যোগের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, “এটা তো একটা পবিত্র জায়গা। আমাদের জনবল ও অর্থনৈতিক অনেকগুলো সমস্যার কারণে এই পবিত্র জায়গা আমরা পরিষ্কার রাখতে পারছি না।… এটি সর্বোচ্চ আদালত। এখানে মানুষ বিচারপ্রার্থী হিসেবে আসেন, এখানে পরিবেশটাও সেরকম হতে হবে। এ প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা বাড়াতে হলে এটা পরিচ্ছন্ন রাখতে হবে।”

দক্ষিণ কোরিয়ার সিউল শহরের প্রসঙ্গ টেনে এস কে সিনহা বলেন, "সিউল শহরটা একজন মেয়র এত পরিচ্ছন্ন রেখেছিলেন যে, পরবর্তীতে বর্তমান প্রেসিডেন্টের আগের প্রেসিডেন্ট-উনি পরিচ্ছন্নতার জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন।"

শহরের বর্জ্য থেকে বুড়িগঙ্গাকে বাঁচাতে পারলে ঢাকা শহর আরও সুন্দর হবে মন্তব্য করে মেয়রের এই উদ্যোগে পূর্ণ সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দেন প্রধান বিচারপতি।

পরে প্রধান বিচারপতি পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে আয়োজনের উদ্বোধন করেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তার বক্তব্যে চারশ বছরের ঐহিত্যমণ্ডিত শহর ঢাকার নানাবিধ সংকট ও সমস্যার মধ্যে পরিচ্ছন্নতা সমস্যাকে অন্যতম একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে ... বিভিন্ন সময়ে ঢাকাকে অনেকটা বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্ব স্তরের জনগণের কথা বিবেচনা করে ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা করেছে।

"আমরা বলেছি, আমরা আমাদের ভাবনার জগতকে পরিচ্ছন্ন করতে চাই, আমরা আমাদের বসন পরিচ্ছন্ন রাখতে চাই, আমাদের নগরকে পরিচ্ছন্ন রাখতে চাই; সর্বোপরি আমাদের জীবনকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই।"

". . . পরিচ্ছন্নতার ধারণা এবং পরিচ্ছন্নতার যে সংজ্ঞা তা আমরা ব্যাপকভাবে দেখতে চাই।," বলেন সাঈদ খোকন।

ঢাকা দক্ষিণের এই মেয়র নগরীকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীদেরও সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

"একজন মেয়র কিংবা তার দপ্তরের গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারী দিয়ে এই বিশাল সমস্যাটা সমাধান করা সম্ভব হয় না। সবাইকে নিয়েই আমাদের এই ঢাকা শহর। আমরা যোদিন প্রত্যেকে একজন মেয়রের ভূমিকায় অবতীর্ন হতে পারব, যেদিন প্রত্যেকে এই শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ গ্রহণ করতে পারব-সেদিন সত্যিকারভাবে একটি পরিচ্ছন্ন নগর উপহার দিতে পারব।"

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, “আসুন, আমরা সবাই মিলে এই শহরকে পরিচ্ছন্ন একটি নগর হিসেবে গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে তুলে দিই।”

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. সাব্বির ফয়েজ, প্রধান বিচারপতির আপিল বিভাগের সচিব আনিসুর রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. রকিব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।