এবার লক্ষ্য পুষ্টি নিশ্চিত করা: প্রধানমন্ত্রী
দেশকে খাদ্যে ‘স্বয়ংসম্পূর্ণ’ করার পর এবার পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আজকে যেমন খাদ্য উৎপাদন বেড়েছে। সেই সাথে সাথে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। অর্থাৎ এবার আমাদের লক্ষ্য হচ্ছে পুষ্টি নিশ্চিত করা। আর সে লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।
“আমাদের পরিকল্পনা অনুযায়ী একেকটা ধাপ শেষ করে আমরা পরবর্তী ধাপে পা দিচ্ছি।”
বুধবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে দুধ উৎপাদনে কম সুদে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত অর্থবছরে দেশে তরল দুধের উৎপাদন ছিল ৬৯ লাখ ৭০ হাজার মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় নয় লাখ মেট্রিক টন বেশি।
তারপরও বছরে প্রায় চার হাজার কোটি টাকার গুঁড়োদুধ আমদানি করতে হয় বলে অনুষ্ঠানে জানান মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
দুগ্ধ উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। যার মধ্যে গবাদিপশুর উন্নতজাত আবিষ্কার ও অর্থায়নসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “আমরা এমনভাবে আমাদের দেশটা গড়তে চাই, যাতে কোনো জিনিস বাইরে থেকে আনতে না হয়।”
মুসলিম বিশ্বে হালাল মাংস ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশের পণ্যের চাহিদা থাকলেও তা এখনও সরবরাহ করা সম্ভব হচ্ছেনা বলে মনে করেন তিনি।
দেশে একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়ে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যে এলাকায় যে ধরনের পণ্য হয়, সে এলাকায় সে ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্প যেন গড়ে ওঠে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হচ্ছে।”
বেসরকারি উদ্যোক্তাদের পশুজাত পণ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
“তরি-তরকারি, ফল-মূল, মাছ-মাংস যে ধরনের খাদ্য আমরা উৎপাদন করতে পারি, সেগুলো প্রক্রিয়াজাত এবং রপ্তানি করার সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে।”
পণ্য রপ্তানির সুবিধার জন্য বিমানকে নিজস্ব কার্গো বিমান কেনার কথা বলেছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান জানান, দুগ্ধ খামারিদের মধ্যে পাঁচ শতাংশ সুদে ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করবে ১৩টি ব্যাংক। একজন খামারিকে সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হবে।
