বাবা-মা ফেলে গেছে, ঘর হয়েছে হাসপাতাল
ছয় মাস বয়সী ‘আরাবী’ খেলছে একমনে, নিশ্চিন্তে। নিষ্ঠুর জীবন তার ভাগ্য বদলে দিয়েছে, কিন্তু সবার আদর আর ভালোবাসা তাকে দিচ্ছে নতুন জীবনের আশ্বাস।
একটি শিশুর সবচেয়ে ভরসার স্থান যে বাবা-মা, ভূমিষ্ঠ হয়েই তাদের নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে আরাবীকে।
গত বছর ২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে জন্ম নেওয়া মেয়ে শিশুটির পিঠে বড় আকারের টিউমার দেখে তাকে করিডোরের এক কোণে ফেলে রেখে যায় বাবা-মা।
চিকিৎসকদের চেষ্টায় শারীরিক জটিলতা কাটিয়ে উঠছে মেয়েটি। বেড়ে উঠছে হাসপাতালেই।
মঙ্গলবার শিশু সার্জারি বিভাগ সংলগ্ন ‘আশিক প্লে সেন্টারে’ দেখা গেল ওয়ার্ড বয় অপু ও আয়া হাজেরার সঙ্গে একমনে খেলছে আরাবী।
চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা সবাই ঘুরে-ফিরে আরাবীকে দেখতে আসেন প্রতিদিন। প্লে সেন্টারের ইনচার্জ শামিমা ইয়াছমিন জানালেন, ‘আরাবী’ এখন সবার ‘মধ্যমণি’। ‘আরাবী’ নামটিও হাসপাতালেই পাওয়া।
সেখানে পরীক্ষার পর দেখা যায়, শুধু টিউমার নয়, আরাবীর জননেন্দ্রীয় আর পায়ুপথেও রয়েছে জটিলতা। পা দুটোও অসাড়।
আরাবীকে বাঁচাতে শুরু হয় চিকিৎসকদের অন্যরকম এক যুদ্ধ।
“গত অগাস্টে অস্ত্রোপচার করে পিঠের টিউমার অপসারণের পর ধীরে ধীরে আরাবী স্বাভাবিক হতে শুরু করে। যখন আমার কাছে এসেছিল, তখন ওর ওজন ছিল দেড় কেজির কিছু বেশি। সবার চেষ্টায় এখন ওজন হয়েছে সাত কেজি,” বলেন তাহমিনা বানু।
জননেন্দ্রীয় ও পায়ুপথ স্বাভাবিক করতে শিগগিরই আরেকটি অস্ত্রোপচার করা হবে বলে জানান তিনি।
“এ অপারেশনটা হয়ে গেলে আরাবীর আর কোনো সমস্যা থাকবে না। অবশ পা দুটো সারিয়ে তুলতে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।”
শুধু চিকিৎসক, নার্স আর আয়াদের কাছে নয়, চিকিৎসার জন্য আসা রোগীদেরও কাছেও আদর পাচ্ছে আরাবী। সবার চেষ্টায় যোগাড় হচ্ছে তার প্রতিদিনের দুধ, শীতের লোশন ও পাউডার, কাপড়-চোপড়।
কিন্তু হাসপাতালই আরাবীর স্থায়ী ঠিকানা হবে?
চিকিৎসক তাহমিনা জানান, কোনো নিঃসন্তান দম্পতি যদি আগ্রহী হয়, তাহলে ‘আরাবীকে’ তাদের হাতে তুলে দেওয়া হবে।
