২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের আন্দোলনে সমর্থন ছাত্র ইউনিয়নের

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

অষ্টম বেতন কাঠামোয় ‘বৈষম্য নিরসনের’ দাবিতে শিক্ষকদের আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বাম ধারার ছাত্র সংগঠনটি।

বাংলাদেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে একযোগে কর্মবিরতি পালন করছেন। এর ফলে সব ক্লাস বন্ধ রয়েছে।

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বেতন ভাতা ও মর্যাদা আদায় যে আন্দোলন করছে, তা সমর্থন জানাচ্ছি।

“শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করতে হবে, যা হবে অপরাপর প্রতিবেশী দেশগুলোর আদলে।”

২০১৬ সালের সপ্তম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে সুকুমার রায়ের ‘আনন্দ’ কবিতার চরণ উল্টাপাল্টার সমালোচনাও করেছে ছাত্র ইউনিয়ন।

জিলানী শুভ বলেন, “এই বইগুলো মুদ্রণের পরবর্তীতে এত শিক্ষিত পণ্ডিতদের হাতে ঘুরে ঘুরে নিরীক্ষিত হওয়ার পরও কীভাবে এমন ভুল চোখ এড়িয়ে যায়? এরকম অনেক ভুলই রয়েছে পাঠ্যপুস্তকে।”

পাঠ্যপুস্তকে নানা অসঙ্গতি রয়েছে দাবি করে তা নিরসনে শিক্ষাবিদদের সমন্বয়ের একটি পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশও করেছে ছাত্র সংগঠনটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত ক্লাস, কোর্সের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করে পরীক্ষা গ্রহণ, শিক্ষকদের ‘কর্তৃত্ববাদী সাইলেন্ট এক্সপেল’ আইন বাতিল এবং উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা গ্রহণের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বিভ্ন্নি স্কুল-কলেজে বর্ধিত বেতন-ফি আদায় বন্ধ এবং শিক্ষা মন্ত্রণালয়ে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শুভ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাস নিশ্চিত না করে শুধু পরীক্ষা গ্রহণের প্রতিবাদে ১৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও স্কুল-কলেজে অতিরিক্ত ফি আদায় ও ভর্তি বাণিজ্যে প্রতিবাদে ১৯ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্র ইউনিয়ন।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীও বক্তব্য রাখেন।