গায়ে আগুন দিয়ে শিশু গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা!
রাজধানীর সিদ্ধেশ্বরীর এক বাসায় আগুনে দগ্ধ এক শিশু গৃহকর্মীকে ‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, জবা নামের ১০ বছরের ওই শিশু নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে কেন আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে সে প্রশ্নের উত্তর মেলেনি।
জবার বাড়ি বগুড়ায়; সিদ্ধেশ্বরীতে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের এক কর্মকর্তার বাসায় সে গৃহকর্মীর কাজ করছিল।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাসার গৃহকর্তা কল্লোলসহ কয়েকজন জবাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
গৃহকর্তা কল্লোলের বরাত দিয়ে রমনা থানার এসআই শরীফুল হাসান বলেন, "জবা তিন বছর আগে ওই বাসায় কাজে এসেছিল তার মানসিক সমস্যা রয়েছে জানতে পেরে কয়েক বছর আগে তাকে গ্রামের বাড়িতে রেখে আসেন কল্লোল।
"পরে জবার স্বজনদের অনুরোধে ছয় মাস আগে কল্লোল তাকে আবার বাসায় কাজে নেন বলে আমাদের জানিয়েছেন।"
অবশ্য পুলিশ জবার পরিবারের সদস্যদের ফোন নম্বর চাইলে কল্লোল তা দেননি। তিনি বলেছেন, জবার বাসায় খবর দেওয়া হয়েছে। তারা বগুড়া থেকে ঢাকায় আসছে।
জবার শরীরের ৯৫ ভাগ আগুনে ঝলসে গেছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে এসআই শরীফ জানান।
তিনি বলেন, "বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার সময় মেয়েটি ‘পানি’, ‘পানি’ বলে বিড়বিড় করছিল। ওই সময় সে বলেছে, নিজেই শরীরে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা করেছিল।"
কেন সে আত্নহত্যার চেষ্টা করেছিল তা পুলিশও জানতে পারেনি। পুলিশ পুরো ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা করছে বলে রমনা থানার এই পুলিশ সদস্য জানান।
