২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানুল্লাহ কবীরের অবস্থা উন্নতির দিকে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরের অবস্থা উন্নতির দিকে; তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:47 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার বিকালে এই প্রবীণ সাংবাদিককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকালে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয় বলে তার ছেলে শাত-ইল-কবীর জানিয়েছেন।

তিনি বিকাল সাড়ে ৫টার দিকে বলেন, “চিকিৎসকদের পরামর্শে বাবাকে আজ বিকালে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাবাকে এখনও শঙ্কামুক্ত বলা যাবে না; পর্যবেক্ষণে রয়েছেন। তবে অবস্থা উন্নতির দিকে।”

আমানুল্লাহ কবীরের অবস্থা ‘স্থিতিশীল’ হলেই হৃদরোগের চিকিৎসা শুরু হবে বলে জানান তার ছেলে।

“চিকিৎসকরা খুব আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন; হাসপাতালের মহাপরিচালকও খোঁজ নিচ্ছেন। পর্যবেক্ষণ শেষে অবস্থা স্টেবল হলে হার্টের চিকিৎসা শুরু হবে,” বলেন তিনি।

১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্ম নেওয়া আমানুল্লাহ কবীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)।

প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন তিনি।

বাংলা দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমানুল্লাহ কবীর। ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট ও দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেন। 

এস এম আলীর নেতৃত্বে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা শুরুর সময় আমানুল্লাহ কবীর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক আন্দোলনের নেতা আমানুল্লাহ কবীর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতার সঙ্গে লেখালেখিতেও সক্রিয় তিনি।

আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পুরনো খবর:

এখনও ‘শঙ্কামুক্ত নন’ সাংবাদিক আমানুল্লাহ কবীর
আমানুল্লাহ কবীরের রোগমুক্তি চেয়ে প্রেস ক্লাবে দোয়া