এখনও ‘শঙ্কামুক্ত নন’ সাংবাদিক আমানুল্লাহ কবীর
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরের অবস্থা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাতে বুধবার সকালে আমানুল্লাহ কবীরের ছেলে শাত-ইল-কবীর বলেন, “বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। অবস্থা এখন ভালোর দিকে, তবে এখনো আশঙ্কামুক্ত নন বলে জানানো হয়েছে।”
বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার বিকালে এই প্রবীণ সাংবাদিককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শাত-ইল-কবীর বলেন, “বাবা চিকিৎসকদের ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫ টায় এ সময় শেষ হবে। সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালকও বাবাকে দেখেছেন, খোঁজ নিচ্ছেন সার্বিক অবস্থার।”
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্ম নেওয়া সাংবাদিক আমানুল্লাহ কবীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)।
প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন তিনি।
বাংলা দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমানুল্লাহ কবীর। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ (বর্তমানে বিলুপ্ত) ও ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন।
এস এম আলীর নেতৃত্বে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা শুরুর সময় আমানুল্লাহ কবীর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিক আন্দোলনের নেতা আমানুল্লাহ কবীর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
সাংবাদিকতার সঙ্গে লেখালেখিতেও সক্রিয় আমানুল্লাহ কবীর।
আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
