২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ হয়ে আমানুল্লাহ কবীর হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে

মঙ্গলবার বিকেল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করলে এই প্রবীণ সাংবাদিককে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সাংবাদিক আমানুল্লাহ কবীরের ছেলে শাত-ইল-কবীর বলেন, দুপুরে খাওয়ার পর বিকেল ৫টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

তার বাবাকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ডাক্তার বলেছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে।”

রাতে আমানুল্লাহ কবীরের অবস্থার কিছুটা উন্নতি হয়। স্বজনদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।

১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্ম নেওয়া সাংবাদিক আমানুল্লাহ কবীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস)।

প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন তিনি।

বাংলা দৈনিক আমার দেশ এবং ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।

ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেছেন। 

এস এম আলীর নেতৃত্বে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা শুরুর সময় আমানুল্লাহ কবীর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক আন্দোলনের নেতা আমানুল্লাহ কবীর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।

সাংবাদিকতার সঙ্গে লেখালেখিতেও সক্রিয় আমানুল্লাহ কবীর।

আমানুল্লাহ কবীর ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।