২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দিয়েছেন সাংবাদিক আমানুল্লাহ কবীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বাসস-এর সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইতোমধ্যে জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব নিয়ে ইন্টারনেটভিত্তিক সংবাদপত্রটিতে কাজও শুরু করেছেন।

প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে ইংরেজি ও বাংলা দুই মাধ্যমের সংবাদপত্রেই কাজ করেছেন আমানুল্লাহ কবীর। 

বাংলা দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ (বর্তমানে বিলুপ্ত)ও ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও তিনি পালন করেন।

এস এম আলীর নেতৃত্বে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা শুরুর সময় আমানুল্লাহ কবীর বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া বিভিন্ন দৈনিকে তিনি সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক আন্দোলনের নেতা আমানুল্লাহ কবীর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতিও ছিলেন।

সাংবাদিকতার সঙ্গে লেখালেখিতেও সক্রিয় আমানুল্লাহ কবীর। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- ‘নদী ও অন্ধকারের রূপ’, ‘মুখোশবাড়ি’, ‘নিস্তব্ধতার মাতম’, ‘দি স্ট্র্যাগলিং ডেমক্রেসি অফ বাংলাদেশ’, ‘জেলায় জেলায় ভাষা আন্দোলন ও অন্যান্য তথ্য’ ইত্যাদি।

আমানুল্লাহ কবীরের আগে সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিবিসির পূর্ব ভারত ব্যুরোর সাবেক প্রধান সুবীর ভৌমিক।

৩২ বছরের সাংবাদিকতা জীবনে ১৭ বছরই তিনি বিবিসিতে কাজ করেছেন। তিনি বিবিসি, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া, টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিয়মিত লেখালেখি করেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক কুইন এলিজাবেথ হাউস ফেলো এবং ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটির ইউরেশিয়া ফেলো সুবীর ভৌমিকের উত্তর-পূর্ব ভারতের রাজনীতি নিয়ে দুটি গ্রন্থ বহুল পঠিত। এগুলো হচ্ছে- ‘ইনসারজেন্ট ক্রসফায়ার’ ও ‘ট্রাবলড পেরিফেরি : ক্রাইসিস অফ ইন্ডিয়াস নর্থইস্ট’।