২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুধে-ভাতে বাঙালি হব: রাঙ্গা

বাংলাদেশে ‘দুধের নহর’ বইয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 04:55 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার সময় এই ‘স্বপ্নের’ কথা জানান তিনি।

দুস্থ নারীদের স্বাবলম্বী করতে দুটি করে গরুর সঙ্গে ১০ হাজার টাকা দেওয়ার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে রাঙ্গা বলেন, ২৫ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেলে ১৬ হাজার দুস্থ নারীকে গরু দেওয়া হবে।

“বাংলাদেশে দুধের নহর বয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মাছে-ভাতে বাঙালি বলা হয়, আমরা দুধে-ভাতে বাঙালি হব। এমন বাড়ি থাকবে না, যেখানে গরু পাওয়া যাবে না। এমনভাবেই আমরা সবকিছু করছি।”

ধারাবাহিকভাবে লোকসানে থাকা বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) গত বছর প্রথমবারের মতো ১০ কোটি টাকা লাভ করেছে।

তবে এখনও সিস্টেম লসের নামে মিল্কভিটায় দিনে দুই হাজার লিটার তরল দুধ নষ্ট হচ্ছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।

নিজের মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বিস্তারিতভাবে তুলে ধরে রাঙ্গা বলেন, রিকশাচালক থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত কাউকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না।

‘জাপার মতো কঠোর বিরোধী দল আসেনি’

সংসদে বিরোধী দলের আসনে বসে সরকারেও অংশগ্রহণ করায় বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির যথার্থ ভূমিকা নিয়ে দলটির চেয়ারপারসনের মনে সন্দেহ থাকলেও কোনো সংশয় নেই সভাপতিমণ্ডলীর সদস্য রাঙ্গা।  

Image
মশিউর রহমান রাঙ্গা (ফাইল ছবি)

মশিউর রহমান রাঙ্গা (ফাইল ছবি)

সরকারে থাকা জাতীয় পার্টি আসলেই বিরোধী দল কি না- সাংবাদিকদের এ প্রশ্নে রাঙ্গা বলেন, “জাতীয় পার্টির মতো কঠোর বক্তৃতা (সংসদে) কোনো বিরোধী দলই এর আগে করেনি।”

“বিরোধী দল সরকারের সঙ্গে থাকলে যতটা উন্নয়ন সম্ভব, বিরোধীদল সরকার থেকে আলাদা থাকলে ততটা উন্নয়ন সম্ভব না,” সরকারে অংশ নেওয়ার বিষয়ে যুক্তি দেখান তিনি।  

সরকারে থাকা জাতীয় পার্টির ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন আসায় রাঙ্গা বলেন, “অবশ্যই জাতীয় পার্টি বিরোধী দল।”

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলের কেন্দ্রীয় নেতাদের কারণেই মাত্র একটি পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী জিতেছে বলে মন্তব্য করেন দলটির নেতা রাঙ্গা।

“নির্বাচনের দিন দলের মহাসচিব ছিলেন না। অন্য কেন্দ্রীয় নেতারাও ভোটে যাননি। কেন্দ্রীয় নেতারা ভোটে প্রচারণা চালালে ফল অন্য রকম হত।”

গত ৫ জানুয়ারি একই দিনে দুই দল (আওয়ামী লীগ-বিএনপি) শান্তিপূর্ণভাবে জনসভা করায় সন্তোষ প্রকাশ করে রাঙ্গা বলেন, এটা ইতিবাচক, রাজনৈতিক দল স্থিতিশীল হলে দেশের উন্নয়ন হবেই।

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জাতীয় পার্টির চেয়ারম্যান দীর্ঘজীবী হোক’ বলে সংবাদ সম্মেলন শেষ করেন রাঙ্গা।

পুরনো খবর:

‘সেই মা-বোনেরা আর লাল মাটি নয়, সাবান-শ্যাম্পু দেয়’