‘সেই মা-বোনেরা আর লাল মাটি নয়, সাবান-শ্যাম্পু দেয়’
দেশের সাধারণ মানুষের উন্নতির চিত্র তুলে ধরতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মির্জা আজম জানিয়েছেন, সাত বছর আগেও যারা লাল মাটি দিয়ে মাথা পরিষ্কার করতো আজকে তারা সাবান-শ্যাম্পু ব্যবহার করছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ২৫ বছরের সাংসদ জীবনে আমি সাধারণ মানুষের উন্নতি লক্ষ্য করেছি।
“সাত বছর আগে যে মা-বোনেরা লাল মাটি দিয়ে মাথা পরিষ্কার করতো আজকে তারা সাবান-শ্যাম্পু ব্যবহার করছে।”
ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে শীতার্তদের মাঝে দুই হাজার ৫০০ কম্বল বিতরণ করা হয়।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আজম বলেন, “আট-দশ বছর আগেও শীতবস্ত্র নিতে আসা মানুষের গায়ে আজকের মতো ভালো কাপড় থাকতো না। প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল মাথাপিছু আয় বৃদ্ধি করা। তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পেরেছেন।”
ঢাকা শহরে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার গায়ে কাপড় নেই দাবি করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়েছেন। সফল হয়েছে সবার জন্য শিক্ষা প্রকল্পও।”
প্রতিমন্ত্রী আজম এসময় বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, “মুক্তিযুদ্ধে এ দেশের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়। এখন খালেদা জিয়া দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে। বিএনপি ক্ষমতায় গেলে ৬০ লক্ষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হত্যা করবে।”
ছাত্রলীগের প্রশংসা করে তিনি বলেন, “ছাত্রলীগ শুধু আন্দোলন-সংগ্রামই করে না, মানবতার সেবায়ও এগিয়ে আসে। সেই চর্চা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতিরজনক বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন।”
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এস জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. বায়েজিদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং উত্তরের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
