২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে ‘ঝাঁপিয়ে পড়ে’ যুবকের আত্মহত্যা

রাজধানীর বিনোদন কেন্দ্র হাতিরঝিলে এক যুবকের লাশ পাওয়া গেছে, তিনি নিজেই সেতু থেকে জলাশয়ে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

নিহত তৌহিদুল হাসান চৌধুরী (২৭) বেসরকারি টেলিভিশন স্টেশন এটিএন নিউজের অভ্যর্থনা বিভাগের কর্মচারী ছিলেন। তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।    

মঙ্গলবার দুপুরে ঝিলের নিচ থেকে হাসানের মরদেহ তুলে আনে দমকল বাহিনী।

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ভজন চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক যুবক ব্রিজ থেকে লাফিয়ে পড়েন বলে খবর পাওয়ার পর গিয়ে দমকলকর্মীরা পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।”

উদ্ধারের পর হাসানের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, বেলা আড়াইটার দিকে সেতুর উপর থেকে লাফিয়ে পড়েন হাসান। তা দেখে লোকজন দমকল বাহিনীকে খবর দেয়। পৌনে ৪টার দিকে ডুবুরিরা লাশ তুলে আনে।

রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে জানা যায় যে সে এটিএন নিউজের কর্মী।”

হাসানের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি মগবাজার দিলু রোডে থাকতেন। তিন বছর ধরে এটিএন নিউজে কাজ করছিলেন।  

এটিএন নিউজের স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩ দিন ধরে ছুটিতে ছিল হাসান। তার বাচ্চা আদদ্বীন হাসপাতালে ভর্তি।”

হাসানের পারিবারিক কোনো ঝামেলার খবর জানা নেই সাব্বিরের।