মুখ্যসচিব আবুল কালাম আজাদের মেয়াদ বাড়ল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
১৯৮২ বিশেষ বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার আগামী ৬ জানুয়ারি পিআরএলে যাওয়ার কথা ছিল।
গত বছর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান তিনি।
১৯৫৭ সালের ৭ জানুয়ারি জামালপুরে জন্ম নেওয়া আবুল কালাম এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ছাড়াও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং দিনাজপুরের পার্বতীপুর ও কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বও পালন করেছেন আবুল কালাম আজাদ।
