২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানা স্থগিত, খেলতে পারবে আরামবাগ

আরামবাগ ক্রীড়া সংঘকে জরিমানা হিসেবে ৩০ লাখ টাকা দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেওয়া সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেয়।   

আদালত আরামবাগকে পরবর্তী ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিতে বিবাদীদের নির্দেশও দিয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী শাহ মো. মুনীর শরীফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্ট ওই জরিমানার সিদ্ধান্ত স্থগিত করে আরামবাগকে পরবর্তী ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছে। ফলে আরামবাগের পরবর্তী ম্যাচ খেলতে আইনগত কোনো বাধা নেই। আরামবাগের পরবর্তী খেলা ৫ জানুয়ারি। 

গত ৩১ ডিসেম্বর বাফুফের কার্যনির্বাহী কমিটির নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এজাজ মো. জাহাঙ্গীর রিট আবেদনটি করেন, যার ওপর সোমবার শুনানি হয়।

রিট আবেদনকারী পক্ষে শুনানিতে আরও ছিলেন আইনজীবী এ কে এম নুরুল আলম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের সই করা সিদ্ধান্ত অনুসারে, ‘মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০১৪-২০১৫’ নিয়ে গত ২২ ডিসেম্বর আরামবাগ ক্রীড়া সংঘের সমর্থক কর্তৃক মতিঝিলের বাফুফে ভবনে তাণ্ডব ও ভাংচুরের বিষয়টি তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এর প্রেক্ষিতে বাফুফের কার্যনির্বাহী কমিটি আরামবাগ ক্রীড়া সংঘকে ৩০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়। যা চলমান ‘মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০১৪-২০১৫’ এ আরামবাগ ক্রীড়া সংঘের পরবর্তী ম্যাচের (৫ জানুয়ারি) মধ্যে বাফুফের হিসাব শাখায় জমা দিতে হবে, অনাদায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে পরবর্তী এক বছর ফুটবল সংশ্লিষ্ট সব কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে।

রুলে বাফুফের ৩১ ডিসেম্বর নেওয়া সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়।

যুব ও ক্রীড়া সচিব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল চেয়ারম্যান, বাফুফের সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ কমিটির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী নুরুল আলম।