২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছারপোকার ওষুধে’ শিশুর মৃত্যু, মা হাসপাতালে

রাজধানীর লালবাগের শহীদনগরে একটি বাসা থেকে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে তার মাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 02:30 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

স্থানীয়রা বলছেন, আগের রাতে বিছানায় ছারপোকা মারার কীটনাশক ছিটিয়েছিলেন ইকরা নামের ৩ বছর বয়সী ওই শিশুর মা নাজমা আক্তার। প্রতিবেশীদের কথায় পুলিশের ধারণা হয়েছে, ‘বিষক্রিয়ার’ কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শহীদনগরের ১০ নম্বর গলির ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে লালবাগ থানার পরিদর্শক পরিতোষ চন্দ্র জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাজমা লালবাগের একটি ক্লিনিকের কর্মচারী ছিলেন। সন্তানকে নিয়ে ওই বাসায় তিনি একাই থাকতেন। স্বামীর সঙ্গে বেশ কিছুদিন আগে তার বিচ্ছেদ হয়েছে বলে প্রাতিবেশীদের তথ্য। 

পরিদর্শক পরিতোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘরের বিছানায় কাগজে মোড়ানো কীটনাশক পাওয়া গেছে। প্রতিবেশীরা বলছেন, ছারপোকা মারার জন্য রোববার রাতে ঘুমানোর আগে নাজমা বিছানায় ওষুধ ছিটিয়েছিলেন।     

সকালে নাজমা ও তার সন্তানের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান।

পরিদর্শক পরিতোষ বলেন, “ওই ঘরে জানালা বা ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। রাতে দরজাও বন্ধ ছিল। শিশুটির মা এখনও অচেতন। তার চিকিৎসা চলছে। সুস্থ হলে প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কীটনাশকের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।”