২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে ২২ কেজি সোনা, ৪৫ কেজি গান পাউডার উদ্ধার

২০১৫ সালে ২২ কেজি ৩২৯ গ্রাম সোনা এবং ৪৪ কেজি ৯০০ গ্রাম গান পাউডার উদ্ধারের কথা জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 10:41 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

রোববার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি গত বছর সীমান্ত এলাকা থেকে ৫৪টি বোমা, ১০৭টি আগ্নেয়াস্ত্র, চার হাজার ৪৩ রাউন্ড গুলি এবং ৪৪ কেজি ৯০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৭টি ছিল পিস্তল ও ৪০টি বন্দুক।

এতে জানানো হয়, গত বছর সাড়ে পাঁচ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় সাত লাখ পিস বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট, ৫৫ হাজার নেশাজাতীয় ইনজেকশন এবং বিভিন্ন ধরনের দুই কোটি ৫৪ লাখ ৭১ হাজার অবৈধ ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া চার লাখ ৭৯ হাজার ৫৩৬ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হেরোইন, প্রায় ১০ হাজার কেজি গাঁজা এবং তিন লাখ ৯ হাজার ৭৭৬ বোতল মদ উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে গত বছর এক লাখ ৫৪ হাজার ২০১ পিস শাড়ি, ৪৪ হাজার ৭৩৫ পিস থ্রি-প্রিস, আট লাখ ১৪ হাজার ২৪৭ মিটার থান কাপড় ও ২২ কেজি ৩২৯ গ্রাম সোনাসহ কাঠ এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানে জড়িত অভিযোগে দুই হাজার ২১৬ জনকে ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে এক হাজার ৪৯২ জন বাংলাদেশিকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমারের ছয় হাজার ৫৯২ জনের অনুপ্রবেশ ঠেকানো হয়েছে।