যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতের রায়েরবাগ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সোয়া ৭টার দিকে দুর্ঘটনার পর সাহারা খাতুন (৫৫) নামের ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, ওই নারীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী ইউনুস মিয়া।
ইউনুসের বরাত দিয়ে মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস সাহারাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তার মোবাইল ফোন থেকে ইউনুসকে খবর দেয়।”
রায়েরবাগ বাসস্ট্যান্ডের কাছে কদমতলী এলাকায় ওই দম্পতির বাসা বলে পরিদর্শক মোজাম্মেল জানান।
সাহারার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
