২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতে হাতে নতুন বই, স্বপ্ন ‘ফুল হয়ে’ ফোটার

নতুন বছরে নতুন ক্লাস, হাতে হাতে নতুন বই। সারা দেশে স্কুলশিশুরা মাতোয়ারা নতুন বইয়ের গন্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 12:04 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

বছরের প্রথম দিন শুক্রবার দেশের সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির চার কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি নতুন বই।

এছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণির ৩২ লাখ শিক্ষার্থী পাবে তিন কোটি ২৮ লাখ আট হাজার ৫৩টি বই ও অনুশীলন খাতা।

এবারের পাঠপুস্তক উৎসব দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’।

সকালে ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুলে বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করে দেন।

আর মিরপুর ২ এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে ‘মিরপুর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

একইসঙ্গে সারা দেশের সব স্কুলে শুরু হয় নতুন বইয়ের এই উৎসব। শিক্ষার্থীদের হাতে হাতে দেখা যায়  রঙিন ফিতে বাঁধা বইয়ের সেট; কারও হাতে বেলুন। অভিভাবকরাও ছিলেন তাদের সঙ্গে।

উৎসব ঘিরে ল্যাবরেটরি স্কুল সাজানো হয় বর্ণিল সাজে। উৎসব আয়োজনের সূচনা হয় বিদ্যালয়ে বিএনসিসি’র গার্ড অব অনারের মধ্য দিয়ে।

এরপর জাতীয় সংগীত পরিবেশন, ধর্মগ্রন্থ থেকে পাঠ আর এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালের স্বাগত বক্তব্য শেষে আসে পাঠ্যপুস্তক হাতে তুলে দেওয়ার বিশেষ মুহূর্ত।

শিক্ষামন্ত্রী নাহিদ উৎসবমঞ্চে ১৪ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন। একইসঙ্গে অন্য সব শিক্ষার্থীর হাতেও পৌঁছে যায় নতুন বই।

ছাত্র-ছাত্রীদের নাচ-গান, আনন্দ-উল্লাস আর লাল-সবুজ প্ল্যাকার্ড-ফেস্টুন, রঙ্গিন বেলুনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বই বিতরণের পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন বিতরণের নজির বিশ্বে কোথাও নেই।

“এই উদ্যোগে বছরের প্রথম দিনেই হাসিমুখে বাড়ি ফিরছে ছেলে-মেয়েরা, যা আমাদের পরিতৃপ্ত করে।”

সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি ব্যর্থতাগুলো শুধরানোর চেষ্টা করবেন বলেও জানান নাহিদ।

শিক্ষার্থীদের ‘দেশের জন্য’ গড়ে ওঠার উপদেশ দিয়ে তাদের সেই সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রীর।

“জ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। নতুন এ প্রজন্মই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তাদের প্রকৃত মানুষ হওয়ার সুযোগ করে দিতে হবে।”

মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে বেলুন ওড়াতে মাঠে যান শিক্ষামন্ত্রীসহ অতিথিরা। এ সময় বই হাতে মন্ত্রীর সঙ্গে ছবি তোলার ধুম পড়ে যায় শিক্ষার্থীদের মধ্যে।

ল্যাবরেটরি স্কুলের পাশাপাশি বিসিএসআইআর হাইস্কুল, ধানমণ্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কামরুন নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ আবদুর রাজ্জাক দাখিল মাদ্রাসার কয়েক হাজার ছাত্র-ছাত্রী এ উৎসবে অংশ নেন।

শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ফারদিন আজমের সঙ্গে বই উৎসবে এসেছিলেন সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলসের ব্যবস্থাপক নুরুল আজম শামীম ও হুমায়রা বেগম।

শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিন, তার মধ্যে আনন্দের উপলক্ষ্য সেজন্য সবাই এসেছি। বছরের প্রথম দিনে বই পাওয়ার আনন্দ অন্যরকম।”

উৎসবের মাঠে নতুন বই নিয়ে ছোটাছুটির মধ্য স্কুলের পঞ্চম শ্রেণির আর্য্য শ্রেষ্ঠ হাসান বলল, “নতুন ক্লাসে উঠে নতুন বই পাইছি। অনেক মজা লাগছে।”

মিরপুর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রঙবেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, “শিক্ষিত জাতি গড়ে তুলতে না পারলে জ্ঞানভিত্তিক জাতি গড়তে পারব না। আমাদের সন্তানেরা সেটা পারবে। বছরের প্রথম দিন হাতে হাতে বই তুলে দিয়ে আমরা নজির স্থাপন করেছি।”

উৎসবের উদ্বোধন ঘোষণার পর মাঠের মধ্যে বইয়ের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মাঝে চলে যান মন্ত্রী। নতুন বই নিয়ে কার কী ভাবনা- তা জানতে চান তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, “অনেক সময় বই বাঁধাই ও ছাপার মান নিয়ে প্রশ্ন ওঠে। ২৫ থেকে ৩০টি কোম্পানি কাজগুলো করে। তাই তাদের চিহ্নিত করা কঠিন।

তবে মন্ত্রণালয়ের গঠন করা একটি উচ্চ পর্যায়ের কমিটি এ নিয়ে কাজ করছে।”

মিরপুর ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসমীন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গতবারের তুলনায় এবার বইয়ের বাঁধাই ভালো হলেও কাগজের মান আগের তুলনায় কমেছে বলে তার মনে হয়েছে।

এ স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমেদ জানায়, বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে সে খুবই খুশি।

“একদিনও অপেক্ষা করা লাগল না। গতকাল পরীক্ষার রেজাল্ট দিল, আর আজ বই পেলাম।”

মিরপুর এলাকার অন্তত ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই উৎসবে যোগ দিতে আসে।

প্রথম দিন অনেক শিক্ষার্থীর হাতে মাত্র একটি বই তুলে দেওয়া হলেও ধীরে ধীরে সব বই পৌঁছে দেওয়া হবে বলে শিক্ষকরা জানান।

বই বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কামাল আহমেদ মজুমদার এবং শিক্ষার্থীদের অভিভাবকরা সেখানে উপস্থিত ছিলেন।

আগের দিন বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এবারের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, এবার প্রতিটি বইয়ের জন্য গড়ে খরচ হয়েছে ১৯ টাকা ২৪ পয়সা। প্রতিটি পুস্তক ছাপা থেকে শুরু করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত এই খরচ হিসাব করা হয়েছে।

প্রাথমিকের শিক্ষার্থীদের স্বল্প পরিসরে অনেক আগ থেকেই বই দেওয়া হলেও ২০১০ সাল থেকে সরকার প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে।

২০১০ সালে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১টি, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি, ২০১২ সালে ২২ কোটি ১০ লাখ ৬৮ হাজার ৩৩৩টি, ২০১৩ সালে ২৬ কোটি ১৮ লাখ নয় হাজার ১০৬টি এবং ২০১৪ সালে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি বই বিতরণ করে সরকার।