কাজী রকিবের অধীনে এবারই সবচেয়ে বেশি ভোট
প্রায় চার বছর আগে কাজী রকিব উদ্দিন আহমদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর যতোগুলো ভোট হয়েছে তার মধ্যে এবারের পৌরসভা নির্বাচনেই সবচেয়ে বেশি ভোট পড়েছে।
বুধবার প্রথমবারের মতো দলীয়ভাবে একদিনে ২৩৪ পৌরসভার ভোট হয়, যাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর জোট শরিকদের পাশাপাশি বিএনপিও অংশ নেয়।
গোলযোগের কারণে স্থগিত থাকা কেন্দ্রসংশ্লিষ্ট ২০ পৌরসভা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাত পৌরসভা বাদ দিয়ে বাকি পৌরসভাগুলোয় গড়ে প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম জানান।
২০৭ পৌরসভায় মেয়র পদে ৭৩ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ২০১১ সালের পৌরসভা নির্বাচনের চেয়ে ভোটের এ হার অন্তত ৪ শতাংশ কম হলেও তা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের চার সিটি করপোরেশন, ২০১৪ সালের দশম সংসদ ও উপজেলা পরিষদ এবং ২০১৫ সালের ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের চেয়ে বেশি।
এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের আমলে ২০১১ সালের পৌরসভা ভোটে প্রথমবারের মতো দলীয় সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মেয়র প্রার্থীরা।ওই সময় আড়াইশ’ পৌরসভায় চার ধাপে ভোট করা হয়। সে সময় গড়ে প্রায় ৭৮ শতাংশ ভোট পড়ে।
ওই ভোটে ২৪৭ পৌরসভার মধ্যে ৯৬টিতে জয় পেয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা। সে সময় বিরোধী দল বিএনপির প্রার্থীরা জয় পেয়েছিলেন ৯৪টিতে। পাঁচ বছর পর এবার সরাসরি দলীয় মনোনয়নে ভোটে আওয়ামী লীগ পেয়েছে ১৭৭টি, আর বিএনপির প্রার্থীরা ২২টিতে জয় পেয়েছে।
সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ (ফাইল ছবি)
বিএনপি ও এর জোট শরিকদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনে ৪০ দশমিক শূন্য ৪ শতাংশ ভোট পড়ে বলে কমিশন জানায়। এর আগে ২০০৮ সালে শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির সময়ে অষ্টম সংসদ নির্বাচনে ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল।
২০১৩ সালের জুনে অনুষ্ঠিত চার সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৭০ দশমিক ৬৪ শতাংশ, যেখানে বিএনপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০১৪ সালে পাঁচ ধাপের উপজেলা নির্বাচনে গড়ে ভোটের হার ছিল ৬৪ শতাংশ। প্রথম ধাপে ৬২ শতাংশ, দুই ধাপে ৬৩ শতাংশ করে ও শেষ ধাপে ৬৫ শতাংশ ভোট পড়ে।
গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯০ শতাংশ।
সব মিলিয়ে এ কমিশনের অধীনে সব থেকে বেশি ভোটার উপস্থিতি দেখা গেল পৌর নির্বাচনে।
এই নির্বাচন নিয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, “প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় নির্বাচন হওয়ায় উৎসাহ উদ্দীপনাও ছিল বেশি।”
২০১১ সালে মেয়র পদে একমাত্র নারী নির্বাচিত হয়েছিলেন রাজশাহীর চারঘাট পৌরসভায়। এবার ওই প্রার্থী পরাজিত হয়েছেন।
তবে নাটোর, বেলকুচি ও তারাবো পৌরসভায় মেয়র পদে তিনজন নারী নির্বাচিত হয়েছেন বলে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন
