২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫: শুরু নাশকতায়, শেষে জঙ্গিবাদ

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন ছিল ২০১৫ সালের প্রথম দিন।

লিটন হায়দার

ও কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 01:27 AM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

২০১৫: শুরু নাশকতায়, শেষে জঙ্গিবাদ

এর পরের তিনটি মাস বিএনপি-জামায়াতের টানা অবরোধ-হরতালে নজিরবিহীন নাশকতা-সহিংসতা আর পেট্রোল বোমা ছুড়ে একের পর এক মানুষ পুড়িয়ে মারার ঘটনা দেখতে হয়েছে বাংলাদেশকে, যা শিরোনাম হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। 

সেই অবরুদ্ধ দশা কাটিয়ে বছরের বাকি সময়টায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা ফিরে না এলেও বছরের শেষ অংশে বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, উপাসনালয়, এমনকি পুলিশ ও সামরিক অবস্থানে হামলা-হত্যার একের পর এক ঘটনায় জঙ্গিবাদের নতুন শঙ্কা নিয়ে ২০১৬ সালে প্রবেশ করছে বাংলাদেশ।   

এই এক বছরে একের পর এক হামলার শিকার হয়েছে মুক্তমত; ধারাবাহিকভাবে খুন হয়েছেন চার ব্লগার, একজন প্রকাশক। আরও তিনজন লেখক-প্রকাশক হামলার শিকার হয়েও প্রাণে বেঁচে গেছেন। পুলিশ কোনো ঘটনারই কিনারা করতে না পারলেও তাদের সন্দেহ জঙ্গিবাদি সংগঠনগুলোর দিকেই।    

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে বার বার বলতে হয়েছে- অতীতের যো কোনো সময়ের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো।

কিন্তু মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) বছরের শেষদিন যে পরিসংখ্যান দিয়েছে, তাতে এ বছর রাজনৈতিক সহিংসতায় ১৫৩ জন, আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে ১৯২ জন এবং গণপিটুনিতে ১৩৫ জনের লাশ হওয়ার খতিয়ান তুলে ধরা হয়েছে।

আসক বলছে, গেলবছর ৭৫২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ৬০ জনকে পরে হত্যা করা হয়েছে। তিন শতাধিক নারী-পুরুষ হয়রানি ও লাঞ্ছনার শিকার হয়েছেন।

প্রতিটি ক্ষেত্রে নিহত ও ক্ষতিগ্রস্তের সংখ্যা ২০০৪ সালের তুলনায় বেশি।

এবছর ২৭শে জুন চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের মেশানো ৫০ কোটি টাকা মূল্যের ৬১ কেজি কোকেনের একটি চালান ধরা পড়ে, যা নিয়ে নানা আলোচনা চলে।

এছাড়া ১৩ এপিল রাজধানীর ইস্কাটনে গভীর রাতে আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গুলিতে দুজন নিহত এবং ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে নয় বছর বয়সী এক শিশু আহত হওয়ার ঘটনা সারা দেশে আলোড়ন তোলে।

Image
মঙ্গলবার রাতে কালিয়াকৈর বাড়ইপাড়ায় বাসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় দগ্ধ হন অটো রিকশাচালক আব্দুর রশিদ মোল্লা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার রাতে কালিয়াকৈর বাড়ইপাড়ায় বাসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় দগ্ধ হন অটো রিকশাচালক আব্দুর রশিদ মোল্লা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টানা অবরোধ ও হরতাল

বছরের শুরুতে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিলে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ হয়, মানুষের মনে শুরু হয় আতঙ্ক।

সমাবেশ করতে না দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধের ঘোষণা দেন। পরের মাস থেকে তার সঙ্গে যুক্ত হয় হরতাল।

জানুয়ারি থেকে টানা তিন মাসের এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ, সরকারি স্থাপনা ও রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে প্রায় প্রতিদিনই নাশকতা চলে।  

এসব ঘটনায় প্রথম মাসে মানুষের স্বাভাবিক চলাফেরা সঙ্কুচিত হয়ে আসে, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নাশকতার এসব ঘটনায় বিএনপিনেত্রী খালেদা জিয়াসহ কয়েক হাজার নেতাকর্মীর নামে কয়েকশ মামলা হয়। সেসব মামলায় মোট ৭ হাজার ৫৯৯ জন জনকে গ্রেপ্তার করা হয় বলে বছর শেষে জানানো হয়েছে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের অনেকেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছে। তবে কোনো মামলার বিচার এখনো শেষ হয়নি।

Image
লেখক-ব্লগার অভিজিৎ রায়ের ওপর হামলার প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লেখক-ব্লগার অভিজিৎ রায়ের ওপর হামলার প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আক্রান্ত মুক্তমত

# ২৬ ফেব্রুয়ারি একুশে বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি কায়দায় হামলায় খুন হন মুক্তমনা লেখক অভিজিৎ  রায়।

# ৩০ এপ্রিল ঢাকার তেজগাঁও এলাকায় নিজের বাসা থেকে বেরিয়ে রাস্তায় খুন হন অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু।

# ১২ মে সিলেটে বাসা থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে একই ধরনের হামলায় খুন হন আরেক মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ। তিনিও গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন।

# ৭ অগাস্ট ঢাকার পূর্ব গোড়ানের এক বাসার পঞ্চম তলায় দিনে দুপুরে ঢুকে হত্যা করা হয় গণজাগারণকর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে।

# ৩১ অক্টোবর একই দিনে হামলা হয় দুই প্রকাশনা সংস্থার কার্যালয়ে। ঢাকার লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। এরপর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এর মধ্যে পুলিশ অভিযোগপত্র দিতে পেরেছে কেবল ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যায়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার জানান, বাবু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে তারা আদালতে প্রতিবেদন দিয়েছেন। বাকি মামলাগুলো তদন্তাধীন।

এসব হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আনসার উল্লাহ বাংলা টিমের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা একাধিক ঘটনায় জড়িত বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

সিলেটের অনন্ত বিজয় হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি। পুলিশের বিশেষ সুপার আবদুল্লাহেল আল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় একজন ‘পরিকল্পনাকারীসহ সাতজনের’ জড়িত থাকার তথ্য তারা পেয়েছেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরার চেষ্টা চলছে।

Image
নিহত জাপানি নাগরিক কুনিও হোশি এবং ইতালীয় চেজারে তাভেল্লা

নিহত জাপানি নাগরিক কুনিও হোশি এবং ইতালীয় চেজারে তাভেল্লা

বিদেশি হত্যা, আলোচনায় ‘আইএস’

বাংলাদেশে জঙ্গি হামলার সম্ভাবনার কথা বলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল সফর বাতিলের পর তুমুল আলোচনা শুরু হয়।

এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে দুই বিদেশি নাগরিক খুন হন এবং মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপস্থি দল আইএস তার দায় স্বীকার করেছে বলে খবর দেয় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি আমেরিকান ওয়েবসাইট।  

এরপর সেই আলোচনা দেশের গণ্ডি ছাড়িয়ে যায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাংলাদেশে ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়ে দেয়। নতুন করে হামলার শঙ্কা প্রকাশ করা হয় সেসব সতর্কবার্তায়।  

# ২৮ সেপ্টেম্বর ঢাকার কূটনীতিক পাড়া গুলশানে চেজারে তাভেল্লা নামের এক ইতালীয় নাগরিককে গুলি চালিয়ে হত্যা করা হয়।    

# ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় মুখোশধারীদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশিও কুনিও, যিনি ওই এলাকায় একটি জমি ইজারা নিয়ে ঘাসের খামার করেছিলেন।

এই পরিস্থিতিতে বিদেশি কূটনীতিবিদদের ডেকে সরকারের পক্ষ থেকে বোঝানো হয়,  পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এবং বাংলাদেশে আইএসএর কোনো কর্মকাণ্ড নেই। যা কিছু ঘটছে তা দেশবিরোধী একটি চক্রের ইন্ধনে হচ্ছে। এসব ঘটনার জন্য সরাসরি বিএনপি-জামায়াতের দিকে আঙুল তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইতালীয় হত্যার ঘটনায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারাই সরকারকে  ‘চাপে ফেলতে’ ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কুনিও হত্যার  ঘটনাতেও এক বিএনপি নেতার ভাইসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও  বছর শেষে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ঘটনায় নিষিদ্ধ জেএমবি  সদস্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আক্রাস্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। একই ধরনের হামলা হতে থাকে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। ধর্মীয় মতাদর্শিক বিরোধ থেকে পীর-ফকির হিসেবে পরিচিত কয়েকজনও হত্যাকাণ্ডের শিকার হন।     

# ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে কথিত এক ফকিরের আস্তানায় ঢুকে ফকিরসহ দুইজনকে গলা কেটে হত্যা করে বোমা ফাটিয়ে পালিয়ে যায় খুনি।

# ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকারকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়।

# একই দিন রাজধানীর বাড্ডায় নিজের বাড়ির খানকা শরিফে খুন হন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খান।

# ২৪ অক্টোবর রাতে হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যে ফাটানো হয় গ্রেনেড। এতে দুজন নিহত হন, আহত হন শতাধিক।

# ৮ নভেম্বর রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের এক নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় মোটরসাইকেলে করে আসা তিন হামলাকারী।

# ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে এক মাজারের খাদেমকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

# ১৮ নভেম্বর দিনাজপুরে পিয়েরো পারোলারি নামে এক ইতালীয় পাদ্রীকে হত্যার চেষ্টা হয় গুলি করে।

# ২৬ নভেম্বর মাগরিবের নামাজের সময় বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে ঢুকে গুলি চালানো হলে মুয়াজ্জিন নিহত হন, আহত হন আরও চারজন।

# ৪ ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির প্রাঙ্গণে এক মেলায় বোমা হামলা হয়।

# ১০ ডিসেম্বর কাহারোলেই ইসকনের এক মন্দিরে ঢুকে গুলি ও বোমা হামলা চালানো হয়।

# একই দিনে চুয়াডাঙ্গায় খুন হন স্থানীয় বাউল উৎসবের এক আয়োজক। পরদিন তার লাশ পাওয়া যায়।

# ২৫ ডিসেম্বর রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার একজন নিহত হন, আহত বেশ কয়েকজন।

দীর্ঘ এই তালিকার অধিকাংশ ঘটার জন্য পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী দায়ী করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যদের। জেএমবির একই দল একাধিক ঘটনায় জড়িত বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

হামলার শিকার পুলিশ, নৌঘাঁটি

সরকার জঙ্গি দমনে সাফল্য দাবি করে এলেও এবছর আইনশৃঙ্খলা বাহিনী এমনকি প্রতিরক্ষা বাহিনীর স্থাপনাও হামলা থেকে রেহাই পায়নি। 

# ২২ অক্টোবর ঢাকায় গাবতলীতে একটি তল্লশি চৌকিতে পুলিশের এক এএসআইকে ছুরি মেরে হত্যা করা হয়।

# ৪ নভেম্বর আশুলিয়ায় আরেক তল্লাশি চৌকিতে হামলা হয়, কুপিয়ে হত্যা করা হয় শিল্প পুলিশের এক কনস্টেবলকে।

# ১০ নভেম্বর ঢাকা সেনানিবাসের প্রবেশমুখে চেকপোস্টে দায়িত্বপালনকারী মিলিটারি পুলিশের সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলাম হত্যার চেষ্টা হয়।

# ১৮ ডিসেম্বর চট্রগ্রামের নৌ বাহিনী ঘাটি ঈসাখাঁ মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী ককটেল হামলা ছিল এ বছরের অন্যতম আলোচিত ঘটনা। ওই ঘটনায় ছয়জন আহত হন, গ্রেপ্তার হন দুজন।

এর মধ্যে পুলিশ চৌকিতে হামলার পেছনে জেএমবি জঙ্গিদের জড়িত থাকার কথা বলেছে পুলিশ। বাকি দুটি ঘটনা সামরিক বাহিনীর এলাকায় ঘটায় খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

ফের জেএমবি

২০০৩-০৪ সালে সারা দেশে মাথাচাড়া দিয়ে ওঠা জেএমবি আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গেছে বলে মনে করা হলেও এ বছর তাদের নানা কর্মকাণ্ডের তথ্য এসেছে পুলিশ কাছ থেকে।   

ব্লগার হত্যার ঘটনাগুলোতে আনসারউল্লাহ বাংলা টিমকে দায়ী করা হলেও বছরের দ্বিতীয়ার্ধের অধিকাংশ হামলা-হত্যার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি সদস্যদের গ্রেপ্তার এবং ঘটনার মীমাংসা করার দাবি জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

গত ২১ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়ায় ৮ জনকে খুন করে ব্যাংক ডাকাতির ঘটনাতেও জেএমবি সদস্যরা জড়িত ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।  

পুলিশ ও র‌্যাব বছরের একেবারে শেষ দিকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি স্থানে জেএমবি আস্তানার সন্ধান পাওয়ার কথা জানায়।

২৬ ডিসেম্বর হাটহাজারিতে জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে স্নাইপার রাইফেলসহগুলি বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার মিরপুরে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার এবং গ্রেনেড উদ্ধার করার কথা বলা হয়।

সর্বশেষ ২৭ ডিসেম্বর রাতে গাজীপুরে জঙ্গিদের একটি কথিত আস্তানায় র‌্যাবের অভিযানে দুজন নিহত হন। উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম।

এসব ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, যেসব হত্যাকাণ্ড ঘটছে তার সবগুলোই হয়েছে ‘টাকার বিনিময়ে, বিদেশ থেকে পরামর্শের মাধ্যমে’।

“তিনজন করে একেকটা হত্যাকাণ্ডে আসত, এরা টাকার বিনিময়ে আসত; হত্যা করত; আর পালিয়ে যেত। আর বলত- আইএস করেছে, জেএমবি করেছে।”

অবশ্য জঙ্গিবাদ ঠেকাতে আলেম-ওলামাদের সঙ্গে একাধিকবার সভাসমাবেশ ও মতবিনিময় করতে দেখা গেছে মন্ত্রীকে। ওলামাদের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী ফতোয়া জারিরও উদ্যোগ নেওয়া হয়েছে। 

কথিত বন্দুকযুদ্ধ

অনেক ডামাডোলের মধ্যে ‘বিচারবহির্ভূত হত্যা’ নিয়ে এ বছর খুব বেশি আলোচনা না হলেও বছরজুড়ে পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আইন ও শালিস কেন্দ্র বলছে, ২০১৫ সালে র‌্যাব ও পুলিশের হাতে ১৯২ জন নিহত হয়েছেন; গতবছর এই সংখ্যা ছিল ১২৮ জন।

এসব ঘটনায় নিহতদের মধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যেমন আছেন, তেমনি আছেন সন্দেহভাজন ডাকাত, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, মানবপাচার মামলার আসামি ও মাদক চোরাকারবারি। 

বিভিন্ন দৈনিক পত্রিকায় আসা খবরের ভিত্তিতে নিয়মিত এই পরিসংখ্যান তৈরি করে আইন ও শালিস কেন্দ্র।

নারী ও শিশু নির্যাতন

গেলো বছর নারী ও শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটেছে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।

পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশজুড়ে প্রায় ২০ হাজার নারী ও শিশু নির্যাতনের ঘটনা থানায় লিপিবদ্ধ হয়েছে ২০১৫ সালে।

# ১৪ এপ্রিল বর্ষবরণের অনুষ্ঠানে নারীর যৌন নিপীড়নের ঘটনায় তোলপাড় হয় সারাদেশে। ওই ঘটনার তদন্ত শেষে নিপীড়কদের কাউকে খুঁজে না পেয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অথচ ওই ঘটনায় সম্পৃক্ত অনেকেরই ছবি সংবাদ মাধ্যমে আসে। 

# ২১ মে রাতে কুড়িল বিশ্বরোডে এক গারো তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণ ছিল বছরের অন্যতম আলোচিত ঘটনা। ওই ঘটনায় পুলিশ বায়িং হাউজের দুই গাড়ি চালককে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে জানান র‌্যাব-১ এর পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ।  

# ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে সামিউল আলম রাজন নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরা ওই ঘটনা ভিডিও করে নিজেরাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা দেখে দেশজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ। দ্রুততম সময়ে ওই মামলার রায় আসে, চারজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

# ৪ অগাস্ট কম্প্রেসর দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে খুলনায় ১২ বছরের শিশু রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই আসামির ফাঁসির আদেশ দেয় আদালত।

# ২৩ জুলাই আরও একটি ঘটনা আলোচনা ও ক্ষোভের জন্ম দেয়। মাগুরার কারিগরপাড়ায় সরকারসমর্থকদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে নিহত হন এক বৃদ্ধ, গুলিবিদ্ধ হন এক অন্তঃস্বত্ত্বা নারী। মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে অপরিণত অবস্থায় জন্ম হয় তার কন্যা সন্তানের। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টায় সেরে উঠে বাড়ি ফিরে গেছে শিশু সুরাইয়া।