২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চা শ্রমিক কল্যাণ তহবিল বিল' পাসের সুপারিশ

সংসদে উত্থাপিত 'চা শ্রমিক কল্যাণ তহবিল বিল' পাসের সুপারিশ করে এর প্রতিবেদন চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৮ নভেম্বর ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫’ সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

দুটি সামরিক শাসনামলে জারি করা প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের ‘চা শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ’ বাতিল করে বাংলায় আইন করতে বিলটি উত্থাপন করা হয়।

বিলে বলা হয়, দায়িত্ব পালনকালে কোন শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম ঘোষণার ফলে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পাওয়ার ক্ষেত্রে তহবিল থেকে এককালীন অনুদান পাবে।

এছাড়া স্থায়ী কমিটি জনগণের কাছে 'যৌথমূলধন কোম্পানি ও ফার্ম পরিদপ্তরের' সেবা পৌঁছে দিতে পরিদপ্তরের শূন্য পদে জনবল নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, বৈঠকে জানানো হয়েছে-যৌথমূলধন কোম্পানি ও ফার্ম পরিদপ্তর প্রতিষ্ঠার পর প্রথম ২৪ বছরে মোট নিবন্ধিত প্রতিষ্ঠানে সংখ্যা ২১ হাজার ৬০৮টি।পরবর্তী ৪৩ বছরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ২৩৪ টি।

স্থায়ী কমিটি সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মোতাহের হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন, মন্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু অংশ নেন।