২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে সহনীয় হবে ঢাকার যানজট: কাদের

রাজধানীর যানজট নিরসন না হওয়ার পেছনে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করে নতুন বছরে এই সমস্যা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যানজটের বিষয়টা আসলে খুব একটা অগ্রসর হয়নি। তবে যানজট নিরসনের আপাত ব্যবস্থা দৃশমান না হলেও সমাধানের পথ আমরা খুলছি। একটু সময় লাগবে।"

আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের শেষদিকে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে ঢাকার যানজটের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণা' করেছিলেন তৎকালীন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে তিনি দায়িত্ব পান একই মন্ত্রণালয়ের, যার পরিবর্তিত নাম হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

নগরের যানজটের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণার' কথা মনে করিয়ে অগ্রগতি বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, "এখানে সমন্বয়ের অভাব ছিল। যে কারণে যানজট নিরসনে কোন শুভফল বয়ে আনতে পারিনি।

"এখন আমরা সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছি। রেজাল্ট আমরা পাবো। আমাদের রেজাল্ট পেতেই হবে। এর কোনো বিকল্প নাই।"

এ সময় রাস্তার পাশের অপ্রয়োজনীয় বিলবোর্ড ও ট্রাকস্ট্যান্ড সরাতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী।

"আমার মনে হয়, দুই মেয়র ভালো একটা উদ্যোগ নিয়েছেন। নতুন বছরে যানজট নিরসনে সহনীয় একটা অবস্থা সৃষ্টি করতে পারবো, কারণ তারাও আঁটঘাট বেঁধে নেমেছেন।

আওয়ামী লীগ নেতা কাদের বলেন, “যে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ড সরিয়ে ফেলেছে। আমাদের পার্টি অফিস থেকেও সরিয়ে ফেলেছে। কেউ টু শব্দটিও করেনি।”

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এই চেয়ারম্যান আরও বলেন, “আমাদের দুই মেয়রের সাথে আমি সহযোগিতা করব এবং অন্য সবাইকে সহযোগিতা করতে বলবো।

"কারণ মেট্রোরেল, এলিভেটেড, ফ্লাইওভার-যত কিছুই করি, ফুটপাথ আমাদের উদ্ধার করতেই হবে। এছাড়া কোনো পথ নেই। রাস্তাগুলোকে উদ্ধার করতে হবে।”

গত ২৯ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক রাজধানীর মহাখালী ট্রাকস্ট্যান্ডে অবৈধ স্থাপনা ও স্ট্যান্ডের পাশে রাস্তায় দাঁড় করিয়ে রাখা ট্রাক উচ্ছেদে গিয়ে পরিবহন শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত ওইসব স্থান অবৈধ দখলমুক্ত হয়।

গাবতলী ও শ্যামলীতেও একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন উত্তরের মেয়র।

উত্তর সিটি করপোরেশনের এই প্রসঙ্গ টেনে সড়কমন্ত্রী বলেন, “উত্তর সিটি কর্পোরেশনে ইতোমধ্যে অনেক রাস্তা উদ্ধার করা শুরু করেছে। তারা গাজীপুর পর্যন্ত ইউলুপের প্রস্তাবটাও ভালো। আমি সব ধরনের সহযোগিতা দেব বলেছি।

"তবে সব মিলিয়ে মধ্য মেয়াদি যে পরিকল্পনা, ছয় মাস এক বছরের মধ্যে একটা পরিকল্পনা আছে।”

ওবায়দুল বলেন, “ফুটপাথ পুনরুদ্ধারের পাশাপাশি ছোট ছোট অবৈধ যান এই শহরে চলাচল করে। এগুলোর ব্যাপারে বাস্তবানুগ সিদ্ধান্ত আমাদের নিতে হবে। "

পুরনো খবর:

নতুন বছরে শ্যামলী-গাবতলীতে যানজট দেখতে চান না মেয়র আনিসুল
৩ ঘণ্টা পর আশ্বাস দিয়ে তেজগাঁও ছাড়লেন আনিসুল
তেজগাঁওয়ে সড়কে আর ট্রাক নয়: মেয়র আনিসুল