২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে সড়কে আর ট্রাক নয়: মেয়র আনিসুল

আগামী ৮ নভেম্বর থেকে তেজগাঁও এলাকায় কোনো সড়কে ট্রাক রাখতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 10:42 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

শনিবার বিকেলে তেজগাঁও ট্রাক ষ্ট্যান্ডে ট্রাক টার্মিনাল স্থাপনের দাবিতে ট্রাক-কভার্ড ভ্যান এন্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক আলোচনা সভায় এ কথা ঘোষণা দেন তিনি।

সভায় উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হকও মেয়র আনিসুলের বক্তব্য সমর্থন করেন।

তবে ওই ট্রাক স্ট্যান্ডটি রেল ও পিডব্লিউডিয়ের জমিতে হওয়ায় সেটি অস্থায়ী ভিত্তিতে ব্যবহার করতে দেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।

আনিসুল বলেন, “নভেম্বর থেকে রাস্তায় কোনো ট্রাক দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। এ এলাকার যানজট দূর করতে এর কোন বিকল্প নেই। আপনাদের (মালিক-শ্রমিকরা) প্রতিশ্রুতি দিতে হবে এখানে কোনো ট্রাক রাখবেন না।”

মেয়র বলেন, “আপনারা বলছেন (মালিক-শ্রমিকরা) ভেতরে জায়গা আছে যেখানে ছোট ছোট স্থাপনা হয়েছে। আমি বলতে চাই এসব স্থাপনা আগামী ৭ নভেম্বরের মধ্যে গুটিয়ে নিতে হবে যেন সেখানে ট্রাক দাঁড়াতে পারে।”

ওই সময়ের মধ্যে স্থাপনা না সরালে ‘জোর করে তুলে দেওয়া হবে’ বলেও জানান মেয়র।

ট্রাক ও কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান জানান,পাকিস্তান আমল থেকে এ স্থানটি ট্রাক স্ট্যান্ড হিসেবে ব্যবহার হয়ে আসছে।

ট্রাক মালিক-শ্রমিকরা দেশের উন্নয়নে ‍উল্লেখযোগ্য অবদান রাখলেও সরকারের পরিকল্পনায় তাদের বিষয়গুলো স্থান পায় না বলে অভিযোগ করেন তিনি।

“ভূমি দস্যুরা হাজার হাজার একর জমি হাতিয়ে নিচ্ছে অথচ তাদের ট্রাক রাখার কোন স্থান নেই”, বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।  

ট্রাক মালিকদের টার্মিনাল স্থাপনের দাবির সঙ্গে সহমত প্রকাশ করে মেয়র বলেন, “আমি নিজেও কয়েকটি ট্রাকের মালিক,আমি বুঝি আপনাদের কষ্ট।”

তবে ট্রাকের লাইসেন্স দিলেও ট্রাক রাখার স্থান দেওয়ার দায়িত্ব সরকারের নয় বলেও জানান তিনি।

“তবে এটাও ঠিক আপনারা কোথায় ট্রাক রাখবেন? এটি যদিও সরকার বা মেয়রের দায়িত্ব নয় তবুও আমরা চেষ্টা করছি যেন ঢাকায় দুই বা তিনটি ভালো ট্রাক টার্মিনাল স্থাপন করা যায়।”

কারওয়ান বাজার রেলগেটের পাশ দিয়ে গড়ে ওঠা ট্রাক টার্মিনালটি রেলের জমিতে পড়েছে জানিয়ে মেয়র বলেন, “এটিতে টার্মিনাল হবে কিনা এটি রেল বলতে পারবে। তবে আমি মনে করি আপনাদের সুবিধার জন্যই বড় টার্মিনাল হওয়া উচিত।”

ওই স্থানে ট্রাক রাখার কারণে প্রতিদিন কয়েক লাখ মানুষের ভোগান্তি হয় জানিয়ে মেয়র বলেন, “তারা প্রতিদিন মেয়রকে এবং আপনাদের গালি দেয়। এ অবস্থা থেকে উত্তরণ হতে হবে।”

রাস্তায় ট্রাক রাখার বিষয়ে নিজের আপত্তির কথা তুলে ধরে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “আমিও মনে করি রাস্তা ট্রাক রাখার জায়গা নয়। ভেতরের স্থাপনাগুলো সরিয়ে আপনারা ভেতরে ট্রাক রাখুন যাতে রাস্তায় চলাচলে বিঘ্ন না ঘটে।”

“মেয়র সাহেব বলেছেন পারমানেন্ট টার্মিনালের জন্য তিনি জমি খুঁজছেন।এটি তৈরি এখন শুধু সময়ের ব্যপার।”

রেলমন্ত্রী মুজিবুল বলেন, “এতদিন আপনারা যে জমিটি ব্যবহার করেছেন এটি রেল ও পিডব্লিউডির জমি। আপনারা এটি ব্যবহার করছেন কেউ কখনো আপত্তি করেনি। আপনারা ভেতরের স্থাপনা সরিয়ে ব্যবহার করতে থাকুন।”

তবে এ ব্যবহার আপাত জানিয়ে রেলমন্ত্রী বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা থেকে টঙ্গীতে তৃতীয় ও চতুর্থ রেললাইন স্থাপন শুরু হবে। এখন এই জমি রেলের প্রয়োজন না হলেও তখন কিন্তু প্রয়োজন হবে। তাই এখানে আপনারা সাময়িক ভাবে থাকতে পারবেন।”