নতুন বছরে শ্যামলী-গাবতলীতে যানজট দেখতে চান না মেয়র আনিসুল
নতুন বছরের প্রথম দিন থেকে ঢাকার প্রবেশ মুখ গাবতলী ও এর আশপাশের প্রধান সড়কগুলো যানজটমুক্ত করার ঘোষণা দিয়ে সেখান থেকে অবৈধ দখলদারদের সরে যেতে বলেছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
চলতি মাসে বিভিন্ন সভা-সেমিনারে শ্যামলী থেকে আমিনবাজার পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের নিজ উদ্যোগে সরে যাওয়ার অনুরোধ করার পর মঙ্গলবার গাবতলী বাস টার্মিনালে এক সুধী সমাবেশ এই ঘোষণা দেন তিনি।
আনিসুল হক বলেন, “২০১৬ সালের প্রথম দিন থেকে শ্যামলী, কল্যাণপুর, গাবতলী এবং আমিনবাজার এলাকায় প্রধান সড়কে আর কোনো পার্কিং, অবৈধ স্থাপনা থাকতে পারবে না।
“১ জানুয়ারি থেকে অভিযান শুরু হবে। গাবতলী বাস টার্মিনালের ভেতরে কোনো অবৈধ স্থাপনা, দোকানপাট, অচল বাস দাঁড়িয়ে থাকতে পারবে না।”
স্থানীয় সাংসদ আসলামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, গাবতলী বাস টার্মিনাল কমিটির মফিজুল হক বেবু, শ্রমিক নেতা আব্বাস উদ্দিন, কাউসার আহমেদ পলাশসহ স্থানীয় ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে মেয়র বলেন, “সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে আপনাদের সঙ্গে সমন্বয় করতে এসেছি। কাজ করবেন আপনারা। কারওয়ানবাজারে সম্ভব হয়েছে, পল্লবীতে হয়েছে। এখানেও হবে।”
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেন, “আমরা কোনো শর্ত দিচ্ছি না। তবে বিকল্প ব্যবস্থা করে দিন। আমরা সবাই চাই অবৈধ দখলের এই সংস্কৃতি দূর হউক।”
ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রুস্তম আলী খান বলেন, “স্বাধীনতার পর দেশে সাত হাজার ট্রাক ছিল, এখন প্রায় এক লাখ ২৮ হাজার।
“এই ট্রাকগুলো রাখার জন্য টার্মিনাল দরকার। আমরা অবৈধ দখলদারিত্ব চাই না। উত্তরাধিকার সূত্রে এভাবে ট্রাক রাখার প্রচলন আমরা পেয়েছি। নিজেরা দখল করিনি।”
অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানও গাবতলী এলাকাকে নিজের এলাকা মন্তব্য করে যানজটমুক্ত ও দখলমুক্ত সড়ক করার ঘোষণা দেন। প্রয়োজনে ট্রাকস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ট্রাকের জন্য পৃথক স্ট্যান্ড নির্মাণে পরিবহন মালিকদের দাবির জবাবে মেয়র বলেন, “বাস-ট্রাকের লাইসেন্সে কোথাও কিন্তু লেখা নেই যে, সরকার রাখার জায়গা করে দেবে। সরকার যদি জায়গা করে দেয় আপনি সেই জায়গায় রাখতে পারেন। জায়গা যদি অপ্রতুল হয় তাহলে কি সাধারণ মানুষের জায়গায় রাখবেন?”
“আমরা ভালো টার্মিনাল করব। প্রধানমন্ত্রীও এ সমস্যার সমাধানে টার্মিনাল নির্মাণের কথা বলেছেন। আরও পাঁচ বছর পর যখন আমাদের জিডিপি বাড়বে, দেশ উচ্চ মধ্যম আয়ের হবে, অর্থনীতি অনেক বড় হবে সেই পরিস্থিতির কথা বিবেচনায় রেখে টার্মিনাল করার চিন্তা আছে।”
সড়ক যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করে মেয়র বলেন, “হাজার পাঁচেক ট্রাক এই রাস্তায় ঘোরাফেরা করে। ৩/৪শ’ বাস ও ট্রাকের জন্য সমস্ত বদনাম, বদদোয়া। কয়েক বছর আগে যানজটের কারণে একজন প্রসূতি মায়ের গর্ভপাত হয়ে গেছে রাস্তায়, আমি নিজে দেখেছি। মানুষের কষ্টের এই বদদোয়া আপনি কেন নেবেন?”
টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সাতদিন সময় বেঁধে দেন মেয়র।
“যারা টার্মিনালের মধ্যে অবৈধভাবে আছেন, তারা দয়া করে আগামী সাত দিনের মধ্যে জায়গাটা ছেড়ে দেন। ওই টার্মিনালের মধ্যে কোনো অবৈধ কাউকে থাকতে দেওয়া হবে না।”
সাংসদ আসলামুল হক বলেন, টার্মিনালকে গ্যারেজ বানানো যাবে না। গাড়ি আসবে, যাত্রী উঠবে, চলে যাবে।
“কারও পক্ষে বা বিপক্ষে নয়। যানজটমুক্ত করতে চেয়েছি, করেই ছাড়ব। এখন টার্মিনালে বছরের পর বছর ধরে নষ্ট গাড়ি পড়ে আছে। টার্মিনালকে গ্যারেজ বানানো হয়েছে। মাননীয় মেয়রকে বলব- আমাকে দুটা বুলডোজার দেন। এগুলো পরিষ্কার করে দেব দুই দিনে, দখলমুক্ত হবে।”
শ্যামলী ও কল্যাণপুর এলাকা থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে গাবতলী টার্মিনালের ভিতরে আনলে ৭০ শতাংশ যানজট কমে যাবে বলে মনে করেন আসলামুল হক।
তিনি বলেন, “এক শ্রেণির লোক এই কাউন্টার ঘিরে চাঁদাবাজি করে। এগুলো অবিলম্বে সরান। তাদের খানা বন্ধ হবে, চাঁদা বন্ধ হবে। তবে রাস্তা যানজটমুক্ত হবে।”
শ্রমিক নেতাদের মধ্যে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি কাউসার আহমেদ পলাশ, শ্রমিক নেতা ফারুক তালুকদার সোহেল, মফিজুল হক বেবু বক্তব্য রাখেন।
যানজট নিরসনের উদ্যোগের অংশ হিসাবে এর আগে গত ২৩ নভেম্বর মহাখালী বাস টার্মিনালে, ২৯ নভেম্বর কারওয়ানবাজার এলাকায়, ৯ ডিসেম্বর মোহাম্মদপুর এলাকায়, ১০ ডিসেম্বর তেজগাঁও এলাকায়, ১৭ ডিসেম্বর উত্তরা থেকে আব্দুল্লাহপুর এবং ২৩ ডিসেম্বর মিরপুর-পল্লবী এলাকায় সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
